নড়াইলে চিংড়ি চুরির অভিযোগে যুবককে ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি নেওয়ার ভিডিও ভাইরাল

নড়াইল জেলার মানচিত্র

নড়াইলের কালিয়া উপজেলায় চিংড়ি চুরির অভিযোগে এক যুবককে ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে এ-সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছোট কালিয়া এলাকায় গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মামুন শেখ (৩৫)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার কুঞ্জপুরের বাসিন্দা।

স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, মামুনের নামে আগেও চুরির অভিযোগ ও মামলা ছিল। গতকাল ভোরে উপজেলার দক্ষিণপাড়া এলাকার একটি ঘেরে বিষ প্রয়োগের পর মাছ চুরি করে পালাচ্ছিলেন তিনি। ছোট কালিয়া মোড় এলাকায় পৌঁছালে এক নিরাপত্তা প্রহরী মামুনকে আটকান। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছে ১০ কেজির মতো চিংড়ি মাছ ও বিষের বোতল পাওয়া যায়।

খবর পেয়ে সেখানে ঘেরের মালিক ও স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। একপর্যায়ে মজার ছলে কয়েকজন মামুনের গলায় ফুলের মালা পরিয়ে দেন এবং মাছ চুরি করার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ধারণ করেন।

মামুনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী আজ বিকেলে বলেন, বিভিন্ন ঘের থেকে মাছ চুরি চক্রের অন্যতম সদস্য মামুন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে ফুলের মালা পরিয়ে স্বীকারোক্তি নেওয়ার বিষয়টি জানা নেই।