উজিরপুরে স্কুলছাত্রীকে পিটিয়ে জখম, মামলা দায়ের
বরিশালের উজিরপুর উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে পিটিয়ে আহত করেছেন এক তরুণ। আহত স্কুলছাত্রী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ রোববার ছাত্রীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, শোলক ইউনিয়নের ইমন মিয়া (২২) তাঁর মেয়েকে (১৪) স্কুলে আসা-যাওয়ার পথে তিন বছর ধরে উত্ত্যক্ত করছেন। সম্প্রতি মেয়ের পথ আটকে প্রেমের প্রস্তাব দেন ইমন মিয়া। এতে মেয়ে রাজি না হলে বৃহস্পতিবার স্কুল থেকে আসার পথে পথ আটকে তাকে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
স্কুলছাত্রী অভিযোগ করে বলে, গত শনিবার বিকেলে স্কুল ছুটির পর প্রাইভেট পড়ে সে বাড়িতে ফিরছিল। বাড়িতে ফেরার পথে ইমন মিয়া পথ আটকে তার সিদ্ধান্ত জানতে চান। এ সময় সে ইমনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ সময় ইমন তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ইমন পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর ইমন মিয়া আত্মগোপন করেছেন। অভিযোগের ব্যাপারে জানতে একাধিকবার ফোন করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মমিন উদ্দিন মিয়া বলেন, উজিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে এ ঘটনায়। তাঁরা ইমনকে গ্রেপ্তার করার চেষ্টা করছেন।