গঙ্গাচড়ায় মাদক বহনের অভিযোগে কারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে
ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ফেনসিডিল বহনের অভিযোগে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কাকিনা-রংপুর সড়কের একেএস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুরো কারটি ভস্মীভূত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে কারটি ফেনসিডিল নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে গঙ্গাচড়া উপজেলার আনুর বাজারের কাছাকাছি এলে টহলরত পুলিশ দেখে কারটি দ্রুত রাস্তা পরিবর্তনের চেষ্টা করে। এ সময় রাস্তা পরিবর্তন করে কাকিনা বাজারের দিকে যাওয়ার সময় এসকেএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কারের সঙ্গে মাদকবাহী কারের সংঘর্ষ হয়।

এ সময় ওই কার থেকে ফেনসিডিল বেরিয়ে পড়ে বলে দাবি করেন স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেন।

গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক সত্যেন্দ্রনাথ রায় বলেন, স্থানীয় লোকজন মাদকবাহী একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই পুরো কারটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

মাদকের বিষয়ে জানতে চাইলে সত্যেন্দ্রনাথ রায় বলেন, স্থানীয় মানুষের মুখে তিনি শুনেছেন ওই গাড়িতে ফেনসিডিল ছিল, তবে বিষয়টি নিশ্চিত নয়। যে গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়, সেটি পালিয়ে গেছে। গতকাল দিবাগত রাত তিনটার দিকে ভস্মীভূত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটির মালিক ও ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।