শাহজাদপুরে হামলার ভয়ে ১০ বছর ধরে গ্রামছাড়া ৩০০ পরিবার
ভিটাবাড়ি পুরো ফাঁকা। হামলা–ভাঙচুরের চিহ্ন এখনো স্পষ্ট। প্রায় ১০ বছর ধরে বাড়িগুলোতে কেউ থাকেন না। বিধ্বস্ত বাড়িগুলো যেন পরিণত হয়েছে ‘ভুতুরে বাড়িতে’। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের প্রত্যন্ত সড়াতৈল গ্রামের একাংশের চিত্র এটি। ঘটনার সূত্রপাত ২০১২ সালে। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে গ্রামের মোল্লা ও ডোকলা (প্রামাণিক) গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন প্রাণ হারান, আহত হন শতাধিক মানুষ। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। এর পর থেকেই হামলার ভয়ে গ্রামছাড়া হয়েছে মোল্লা গোষ্ঠীর প্রায় ৩০০ পরিবার।
১০ বছর ধরে গ্রামের বাড়িঘর ও দোকানপাট ফেলে রেখে বিভিন্ন স্থানে ভাসমান জীবন যাপন করছেন মোল্লা পক্ষের লোকজন। এ ঘটনায় প্রতিপক্ষের করা মামলায় আদালত থেকে অনেকে জামিনে মুক্তি পেয়েছেন। তবে প্রতিপক্ষের হামলার ভয়ে অনেকেই পালিয়ে জীবন যাপন করছেন। গত ৬ নভেম্বর বিকেলে শাহজাদপুরের তালগাছী করতোয়া কলেজ চত্বরে সংবাদ সম্মেলন আয়োজন করে এসব তথ্য প্রকাশ করেন কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সড়াতৈল গ্রামের মো. আশরাফ। তিনি সড়াতৈল গ্রামের মৃত শাহাদ মোল্লার বড় ছেলে ও মোল্লা গোষ্ঠীর অন্যতম সদস্য। সংঘর্ষের ঘটনায় ডোকলা পক্ষের করা দুটি হত্যা মামলার একটিতে ৪ নম্বর ও আরেকটিতে ১১ নম্বর আসামি আশরাফ। বর্তমানে তিনি জামিনে আছেন।
লিখিত বক্তব্যে আশরাফ ডোকলা গোষ্ঠীর লোকজনকে দাঙ্গাবাজ-সন্ত্রাসী উল্লেখ করে নিজেদের নিরাপত্তা দাবি করেন। এ সময় ওই গ্রামের ভুক্তোভোগী শতাধিক নারী–পুরুষসহ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, সর্বশেষ ২০১২ সালের ১২ জুন সকালে মোল্লা ও ডোকলা গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ডোকলা পক্ষের ফারাজ হোসেন নামের একজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আফগান প্রামাণিক বাদী হয়ে মোল্লা পক্ষের ৪৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে ও প্রতিপক্ষের হামলার ভয়ে মোল্লা পক্ষের তিন শতাধিক পরিবার তাদের বাড়িঘর ফেলে রেখে বিভিন্ন স্থানে ভাসমান জীবন যাপন করছে। এদিকে বাড়িতে না থাকার সুযোগে ডোকলা পক্ষের লোকজন তাঁদের বাড়িঘরে হামলা চালান এবং ধান–চাল, গরু, টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ছয় কোটি টাকার সম্পদ লুটপাট করেছেন। এ ছাড়া তাঁদের প্রায় ২০০ একর জমি প্রতিপক্ষের লোকজন ২০১২ সাল থেকে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন আশরাফ।
সংবাদ সম্মেলনের পর মঙ্গলবার দুপুরে চলনবিল–অধ্যুষিত সড়াতৈল গ্রামে গিয়ে দেখা যায়, জনমানবশূন্য বাড়িগুলো ধ্বংসস্তূপের মতো পড়ে আছে। ওই গ্রামের সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী আবদুল করিম (৪৫) সম্প্রতি গ্রামে এসেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই গ্রামে মোল্লা গোষ্ঠী আর ডোকলা গোষ্ঠীর মধ্যে বিবাদ, মারামারি, ভাঙচুর—এসব দেখে আসছি। ২০১২ সালের আগে এক পক্ষ গ্রামছাড়া ছিল। এখন আবার আরেক পক্ষ গ্রামছাড়া হয়েছে।’
অভিযুক্ত ডোকলা পক্ষের একজন হলেন আবদুল আজিজের ছেলে আবুল মাজন। তিনি কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। প্রতিপক্ষের অভিযোগগুলো অস্বীকার করে আবুল মাজন প্রথম আলোকে বলেন, ‘আমরা গ্রামের কোনো বাড়িতে হামলা বা লুটপাট করিনি। জমিও জবরদখল করছি না। কাউকেই গ্রামে আসতে বাধা দিচ্ছি না। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’ তিনি বলেন, মোল্লা গোষ্ঠীর গুটি কয়েক লোক আছেন, যাঁরা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শুধু তাঁরাই গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আছেন। এ ছাড়া বাকি সবাই গ্রামেই আছেন বলে তিনি দাবি করেন।
কায়েমপুর ইউপির সদস্য আবদুল কাদের বলেন, বিষয়টি মীমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছেন। তবে তাতে কোনো লাভ হয়নি। গ্রামের সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করুক, এটাই সবার চাওয়া।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকায় বিট পুলিশিং জোরদার করা হচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যাঁরা আছেন, তাঁরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। গ্রাম ছেড়ে এখন যাঁরা বাইরে অবস্থান করছেন, তাঁদের সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, সবাই দ্রুতই নিজ বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবেন। ওই গ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। সেই লক্ষ্যেই কাজ চলছে।’