গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকচাপায় তিন কিশোর–তরুণ নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কেছবি: প্রথম আলো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন ঘোড়াঘাট উপজেলার নূরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আল আমিন (১৬), মগলিশপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সৈকত হোসেন (১৮) এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে আবদুল কাইয়ুম (২০)।

এ ঘটনায় ট্রাকচালক সাব্বির হোসেনকে (২৬) তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ। তিনি ঘোড়াঘাটের এস কে বাজার এলাকার সাজিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে উপজেলার আফসারাবাদ কলোনি এলাকা থেকে ওই তিন কিশোর–তরুণ মোটরসাইকেলে রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে রানীগঞ্জ বাজারে বড় মসজিদের সামনে মোটরসাইকেলটি গ্রামীণ সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করছিল। এ সময় ঘোড়াঘাট শহর থেকে বিরামপুরমুখী পণ্যবাহী দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন।

ওই সময় ঘটনাস্থলে আবদুল কাইয়ুমের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

ঘোড়াঘাট থানার ওসি বলেন, নিহত তিনজনের মাথায় হেলমেট ছিল না। তাঁদের মরদেহ হস্তান্তর ও ট্রাকচালকের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।