রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র
কয়লাসংকটে বন্ধ প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট চালুর আশ্বাস ভারতীয় হাইকমিশনারের
কয়লাসংকটে টানা ২২ দিন ধরে বন্ধ আছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার প্রথম ইউনিটটি। তবে এর মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিটের সমসক্ষমতার আরেকটি ইউনিট চালুর আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
গতকাল শনিবার বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কয়লাসংকট একটা অপারেশনাল ইস্যু। এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, এ সংকট কেটে যাবে। আগামী তিন মাসের মধ্যে দুটি ইউনিট থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি চালু হবে।’
বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ করপোরেশনের (এনটিপিসি) মধ্যে ২০১০ সালের আগস্টে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে সমঝোতা হয়। এর দুই বছর পর ২০১২ সালের ২৯ জানুয়ারি এনটিপিসির সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল) নামের কোম্পানি গঠিত হয়। তবে শুরু থেকেই সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা।
বিআইএফপিসিএল কোম্পানির অধীন বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী কৈ-গর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট মূলত রামপাল বিদ্যুৎকেন্দ্র নামে পরিচিত।
গত বছরের ১১ জুলাই বয়লার স্টিম ব্লোয়িং স্থাপন করা হয়। এক মাস পর ১৪ আগস্ট টারবাইনে স্টিম ডাম্পিং এবং এক দিন পর ১৫ আগস্ট জাতীয় গ্রিডে কেন্দ্রটি থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ (ট্রান্সমিশন) শুরু করা হয়।
গেল বছরের সেপ্টেম্বরে ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে কয়লাচালিত মৈত্রী পাওয়ার প্ল্যান্টের ইউনিট-১-এর উদ্বোধন করেন। এরপর ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র। তবে ডলার-সংকটে কয়লা আমদানি করতে না পারায় বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার মাত্র ২৭ দিনের মাথায় বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎকেন্দ্রটি। তা এখনো উৎপাদনে ফিরতে পারেনি।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কয়লাসংকটে বন্ধ থাকা প্রথম ইউনিট আগামী সপ্তাহে পুনরায় চালু হবে। এ ছাড়া পরিবেশগত বিষয়ও বিবেচনায় রেখে প্ল্যান্ট পরিচালনা করা হচ্ছে। ফলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইদ একরাম উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে কয়লা সরবরাহ হঠাৎ বিঘ্নিত হওয়ায় বন্ধ হয়ে যায় রামপাল কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ডলার ছাড় করতে কিছুটা সময় লাগার কারণে সমস্যার সৃষ্টি হয়। তবে তা সমাধান হয়েছে। আমরা নতুনভাবে ডলার পেমেন্ট শুরু করেছি। ইতিমধ্যে একটি জাহাজ কয়লা নিয়ে রওনা হয়েছে। আশা করি, এক সপ্তাহের মধ্যে কয়লা চলে আসবে। এর পর থেকে প্রথম ইউনিটের উৎপাদন চালু হবে। এখন থেকে নিয়মিতভাবে কয়লা আসবে। ফলে জুন থেকে আবার কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে রামপাল বিদ্যুৎকেন্দ্র।’