খুলনার কয়রা
কপোতাক্ষ নদের চরে অবৈধ তিন ইটভাটা
প্রায় ১২ একর চর দখল করে তিনটি ইটভাটা গড়ে উঠেছে। ইট পরিবহনের বেপরোয়া ট্রলির কারণে বেহাল হয়ে পড়েছে রাস্তাঘাট।
খুলনার কয়রা উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কপোতাক্ষ নদ মিশেছে শিবসা নদীতে। একসময়কার প্রমত্ত কপোতাক্ষ হারিয়েছে নাব্যতা। ভরাট হয়েছে নদের বেশির ভাগ অংশ।
এই সুযোগে কয়রার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামের পাশে কপোতাক্ষের জেগে ওঠা চরে গড়ে উঠেছে অবৈধ তিনটি ইটভাটা। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না উপজেলা প্রশাসন।
কয়রার ওই ইউনিয়নেই গড়ে উঠেছে চারটি অবৈধ ইটভাটা। এর মধ্যে নাকশা গ্রামেই রয়েছে তিনটি। আর এসব ভাটার নেই পরিবেশগত ছাড়পত্রসহ অন্য বৈধ কাগজপত্র। ড্রাম চিমনির অবৈধ ভাটাগুলোতে অবাধে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। কপোতাক্ষের চরের ৩টি ইটভাটা প্রায় ১২ একর চর দখল করে গড়ে উঠেছে। ইট পরিবহনের বেপরোয়া ট্রলির কারণে বেহাল হয়ে পড়েছে রাস্তাঘাট। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩–এর অনুচ্ছেদ ৮-এর (গ) ধারা অনুযায়ী, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান ও জলাভূমি এলাকায় ইটভাটা স্থাপন দণ্ডনীয় অপরাধ হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
গত ২৭ নভেম্বর সরেজমিনে দেখা যায়, নাকশা গ্রামের পশ্চিম পাশে প্রায় ১২ একর জমির ওপর সোহরাব ব্রিকস ফিল্ড, একরাম ব্রিকস ও একেএস ব্রিকস নামে তিনটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এই জমির পুরোটাই কপোতাক্ষ নদের চর। চারপাশে মাটির বাঁধ দিয়ে বালু ফেলে চর ভরাট করে পুরো জমি উঁচু করা হয়েছে। খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে চরে বড় বড় গর্ত করে মাটি তুলে ইট তৈরি করা হচ্ছে। আর ড্রাম চিমনির ওই ভাটায় কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। ইটভাটার পাশে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কয়েক শ মণ কাঠ স্তূপ করে রাখা।
নাকশা গ্রামের চারজন বাসিন্দা বলেন, এ বছরই প্রথম এখানে তিনটি ইটভাটা চালু করা হয়েছে। কিন্তু যেখানে করা হয়েছে, সেখানে কোনোভাবেই ইটভাটা স্থাপনের জন্য উপযুক্ত নয়। কারণ, ভাটার পুরো অংশই কপোতাক্ষ নদের চরে স্থাপন করা হয়েছে। এর পশ্চিম পাশে কপোতাক্ষ নদ আর পূর্ব পাশের নাকশা গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। তাঁরা বলেন, ইটভাটার নির্মাণকাজ শুরু হওয়ার পর লোকজনের এলাকায় বসবাস করা দুরূহ হয়ে পড়েছে। কাঠ পোড়ানোর ধোঁয়ায় মানুষের স্বাস্থ্যসমস্যার পাশাপাশি আশপাশের রাস্তাঘাটও অচল হয়ে পড়েছে।
একরাম ব্রিকস ফিল্ডের মালিক একরাম সানা এবং সোহরাব ব্রিকস ফিল্ডের মালিক সোহরাব হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চরের বেশির ভাগ জমি ইজারা নিয়েছেন। বছরে বিঘাপ্রতি ১০ হাজার টাকা দিতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এগুলো তাঁদের জমি। তবে ইটভাটার পশ্চিম পাশে নদের কিছু জমি থাকতে পারে।
ইটভাটা স্থাপনে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন আছে কি না, এমন প্রশ্নের জবাবে ইটভাটার মালিকেরা বলেন, ‘আমরা অনুমোদন নেওয়ার চেষ্টা করছি।’
পরিবেশ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাইদ বলেন, কয়রা উপজেলায় একটি ইটভাটার জন্যও ছাড়পত্র দেওয়া হয়নি, সবগুলো অবৈধ। এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।