রংপুর মেডিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু
রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট লাল (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বুলেট লাল (৩৭) নগরের পুরোনো সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে। গতকাল সোমবার দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজার রহমান প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে আটজন রোগী ভর্তি হয়েছেন। এর আগে আজ সকালে একজন রোগীর মৃত্যু হয়েছে। আরেকজন রোগী সুস্থ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
রংপুর সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর বলেন, জেলার সাতটি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নারী পুলিশ সদস্য ডেঙ্গুতে আক্তান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি ঢাকা থেকে ঈদ করতে এসেছিলেন। পরে তিনি চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আটজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসার ব্যাপারে ঈদের আগে থেকে রংপুর সিটি করপোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।