‘ভাইয়ের মৃত্যুর এমন দৃশ্য আল্লাহ যেন কাউরে না দেখায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশারফ হোসেন
ছবি: সংগৃহীত

সড়কের পাশে জমিতে গাছের ডাল কাটছিলেন ছোট ভাই মো. শহীদ। পাশে দাঁড়িয়ে সংসারের বিভিন্ন কথা বলছিলেন বড় ভাই মো. মোশারফ হোসেন (৩৫)। চোখের পলকে সড়কের উল্টো দিক থেকে কংক্রিটবোঝাই একটি পিকআপ মোশারফকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোশারফ। চোখের সামনে বড় ভাইয়ের এমন মৃত্যু দেখে হতবাক ছোট ভাই শহীদ।

বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের জোরারগঞ্জ-শান্তিরহাট সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের বাসিন্দা। কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শহীদ প্রথম আলোকে বলেন, ‘বাড়ি থেকে একটু দূরে জোরারগঞ্জ-শান্তিরহাট সড়কের পূর্ব পাশে গাছের ডাল কাটছিলাম। আমার পাশে দাঁড়িয়ে বড় ভাই সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। তখন কংক্রিটবোঝাই একটি দ্রুতগতির পিকআপ উল্টা দিক থেকে ভাইকে খুব জোরে ধাক্কা দেয়। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ১০ ফুট দূরে গিয়ে পড়ে। ওই জায়গায় মারা যায় ভাই। নিজের চোখের সামনে ভাইয়ের এমন মৃত্যু দেখলাম। মৃত্যুর এমন দৃশ্য যাতে আল্লাহ কাউরে না দেখায়।’

ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মারুফ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কৃষক মোশারফ দরিদ্র মানুষ। তাঁর ছোট দুটি ছেলেমেয়ে আছে। ৯ বছর বয়সী ছেলেটি শারীরিক প্রতিবন্ধী। উল্টো পথে আসা পিকআপের ধাক্কায় কৃষক মোশারফের মৃত্যুতে তাঁর স্ত্রী-সন্তানরা অসহায় হয়ে পড়ল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, বাংলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহতের ঘটনায় পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।