বগুড়ায় এবার গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত গরু ব্যবসায়ী আবদুর রাজ্জাক
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার ব্যবধানে বগুড়ায় আরেকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৫০)। গতকাল বুধবার রাত নয়টার দিকে সদর উপজেলার শাহ্পাড়া এলাকায় বাড়ি থেকে কয়েক শ গজ দূরে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এ সময় তাঁর কাছ থেকে গরু বিক্রির আড়াই লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে পরিবার দাবি করছে।

আবদুর রাজ্জাক স্থানীয় হাটগুলোতে গরু কেনা–বেচা করতেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রাজ্জাক গতকাল বিকেলে চৌমুহনী বাজারে গরু বিক্রি করতে যান। রাতে হাট থেকে ফেরার পথে বাড়ির অদূরে তিনি হামলার শিকার হন।

রাজ্জাকের ছেলে আতিকুল ইসলাম বলেন, বাবা হাটে গরু বিক্রি করে আড়াই লাখ টাকা নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে ২০০ গজ দূরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নামুজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম এ হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী বলেন, দুর্বৃত্তদের হামলার শিকার ওই ব্যবসায়ীর কাছে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে শহরের মালগাম এলাকায় শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়।