১৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু, ২২ ঘণ্টা পর লঞ্চ

১৭ ঘণ্টা পর সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ১৭ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। অন্যদিকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ২২ ঘণ্টা পর লঞ্চ চালু হয়েছে। তবে ঝড়ে পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় দৌলতদিয়ার তিনটি ঘাট এখনো বন্ধ থাকায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, ঝড়ের কারণে গতকাল সোমবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল ব্যাহত হয়। সতর্কতার সঙ্গে ফেরি চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদী উত্তাল হয়ে পড়ে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিকেল চারটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে একটি রো রো ফেরি নোঙর করা ছিল। বাকি ফেরিগুলো পাটুরিয়া প্রান্তে নোঙর করা হয়।

আরও পড়ুন
ঘূর্ণিঝড়ের প্রভাবে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের রো রো ফেরির পন্টুন, ৪ নম্বর ঘাটের কে–টাইপ ফেরির সিঙ্গেল পন্টুন ও ৫ নম্বর ঘাটের রো রো ফেরির পন্টুন কবজা ভেঙে পানিতে তলিয়ে যায়। ৬ নম্বর ঘাটের ইউটিলিটি ফেরির সিঙ্গেল পন্টুনটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ঝড়ে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটসংলগ্ন পাঁচটি খাবারের হোটেল ও মুদিদোকান নদীতে চলে গেছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল হয়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে। প্রচণ্ড বাতাসে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটের রো রো ফেরির পন্টুন, ৪ নম্বর ঘাটের কে–টাইপ ফেরির সিঙ্গেল পন্টুন ও ৫ নম্বর ঘাটের রো রো ফেরির পন্টুনের কবজা ভেঙে পানিতে তলিয়ে যায়। ৬ নম্বর ঘাটের ইউটিলিটি ফেরির সিঙ্গেল পন্টুনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। আজ সকাল ছয়টা থেকে ক্ষতিগ্রস্ত পন্টুন মেরামতের কাজ শুরু করে বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা গেছে, বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মেরামত করে ৬ নম্বর ঘাটটি চালু করেন। শ্রমিকেরা ৩ ও ৪ নম্বর ঘাটের পন্টুন সংস্কার ও পানি অপসারণের কাজ করছেন। সার্বিক কাজ তদারক করছেন মেরিন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আবদুস সাত্তার। দৌলতদিয়ার অধিকাংশ ঘাট বন্ধ থাকায় ঢাকামুখী পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

আরও পড়ুন
ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় দৌলতদিয়ার ৩, ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুনের কবজা ভেঙে পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে
ছবি: প্রথম আলো

সহকারী মহাব্যবস্থাপক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় দৌলতদিয়ার ৩, ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুনের কবজাগুলো ভেঙে আলাদা হয়ে পানিতে তলিয়ে গেছে। ৬ নম্বর ঘাটও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৯টা থেকে ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। প্রাথমিক সংস্কার শেষে বেলা ১১টার পর থেকে ৬ নম্বর ঘাট চালু হয়। ৩ ও ৪ নম্বর ঘাট চালু করতে সময় লাগবে। ভাঙনের কবলে পড়ায় ৫ নম্বর ঘাট ৬ সেপ্টেম্বর থেকে বন্ধ।

আরও পড়ুন

এ ছাড়া ঝড়ে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটসংলগ্ন পাঁচটি খাবার হোটেল ও মুদিদোকান নদীতে চলে গেছে। এখলাস দেওয়ানের মুদিদোকান, রফিক সরদারের মুদিদোকান, বাবলু খার মুদিদোকান, আক্কাছ মণ্ডলের খাবারের হোটেল এবং শাহিন শেখের খাবারের হোটেলের জিনিসপত্রসহ সবকিছু নদীতে চলে যায়। এ ছাড়া নদীর পাড়ে বেঁধে রাখা তিনটি বড় নৌকা তলিয়ে গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ছোট-বড় মিলে ১৬টি ফেরি থাকলেও ঘাটের পরিস্থিতি ঠিক না থাকায় কমসংখ্যক ফেরি চালু রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়ায় ৬ ও ৭ নম্বর ঘাট চালু আছে।

ঝড়ে পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় দৌলতদিয়ার তিনটি ঘাট এখনো বন্ধ থাকায় পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, ঘূর্ণিঝড়ের কারণে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ২২ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে এই দুই নৌপথে লঞ্চে যাত্রী পারাপার শুরু হয়।

আরও পড়ুন