যে হাটে শুধু ক্ষীরা বিক্রি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চার নম্বর ঘাট এলাকার এই হাটে শুধু ক্ষীরা বিক্রি হয়। রাতে হাট বসে কয়েক ঘণ্টা পরই শেষ হয়ে যায়
ছবি: প্রথম আলো

কৈশোরে বাবার সঙ্গে নারায়ণগঞ্জে আসতেন কৃষক সফিউল্লা দেওয়ান (৫৫)। মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরে নিজেদের চাষ করা ক্ষীরা যখন বিক্রি উপযোগী হতো, তখন কোনো এক বিকেলে সেসব ক্ষীরা বোঝাই করে নাও ভাসাতেন মেঘনার জলে। মেঘনা পার হয়ে সেই নাও এসে ভিড়ত শীতলক্ষ্যা নদীপাড়ের নারায়ণগঞ্জে।

সফিউল্লা ও তাঁর বাবা জলিল দেওয়ানের মতো এমন অনেক ক্ষীরাচাষিই তখন নদীপথে নারায়ণগঞ্জে আসতেন। নারায়ণগঞ্জ শহরের ৪ নম্বর আমঘাটে এসে নোঙর করত মুন্সিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন অঞ্চলের ক্ষীরাবোঝাই নৌকাগুলো। মাঝরাতে শুরু হতো বেচাকেনা। কোনো কোনো দিন প্রত্যাশার চেয়ে বেশি দর পাওয়া যেত ক্ষীরার। সেদিন বাবার সঙ্গে সফিউল্লা চলে যেতেন পাশের দিগু বাবুর বাজারে। পছন্দের মিষ্টি, সন্দেশ কিনে খেতেন।

সফিউল্লার কৈশোরের স্মৃতি জড়ানো ৪ নম্বর ঘাটের সেই ক্ষীরা হাটেই ফাল্গুনের এক রাতে কথা হলো তাঁর সঙ্গে। পুরোনো সেসব দিনের কথা বলতে গিয়ে কিছুটা স্মৃতিকাতর হয়ে ওঠেন তিনি। বলেন, ‘দিনে দিনে কত বেলা অইল। বাপ মরল, নাও গিয়া ট্রলার আইল, শীতলক্ষ্যা নদী পইচা গেলো, কিন্তু হাটের লগে বিচ্ছেদ অইল না।’
সফিউল্লা যে হাটের স্মৃতিচারণা করছিলেন নারায়ণগঞ্জের সবজি ব্যবসায়ীদের কাছে তা ‘চাইর নম্বর ক্ষীরার হাট’ নামে পরিচিত।

সম্প্রতি এক রাতে সেই হাটে ঘুরে দেখা যায়, ৪ নম্বর ঘাটের প্রকাণ্ড বটগাছের তলায় সারি সারি বস্তা সাজিয়ে রাখা। হাটের এক পাশে একটি টিনের খুপরি। সেই খুপরি ঘিরে জড়ো হয়েছেন শতাধিক ক্রেতা-বিক্রেতা। কেউ লুডু খেলেন, কেউ আড্ডায় মজে সময় কাটাচ্ছেন। ঘড়ির কাঁটায় রাত ১১টা বাজতেই দুজন সহযোগীর সঙ্গে সাজানো বস্তাগুলোর পাশে গিয়ে দাঁড়ান হাটের পরিচালক স্বপন চৌধুরী। তাঁকে ঘিরে ভিড় জমান আরও অনেকেই। ধারালো ছুরির খোঁচায় বস্তাগুলোর সামান্য অংশ কাটতেই ভেতর থেকে উঁকি দেয় বিভিন্ন মানের ক্ষীরা। তারপর নিলাম ওঠে। ক্ষীরার মান ও পরিমাণভেদে বিভিন্ন দরে বিক্রি হতে থাকে বস্তাগুলো। ঘণ্টা দুয়েকের মধ্যেই নিলামে বিক্রি হয়ে যায় সব ক্ষীরা।

ততক্ষণে রাত একটা। ব্যস্ততা শেষ হলে কথা হয় হাট পরিচালনাকারী স্বপন চৌধুরীর সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, মূলত পদ্মা, মেঘনা ও গোমতী নদীর চরে উৎপন্ন ক্ষীরা কৃষকেরা এ হাটে সরাসরি বিক্রি করেন। পাইকারি মূল্যে প্রতিদিন জমি থেকে সদ্য তুলে আনা ৪০০ থেকে ৫০০ মণ ক্ষীরা বিক্রি হয় হাটটিতে। ক্ষীরা ছাড়া অন্য কিছু এখানে বিক্রি হয় না।

নদীপথে সহজ যোগাযোগের কারণে অন্তত ৪০ বছর ধরে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ হাট বসছে। বছরে কেবল অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও ফাল্গুন মাসে হাটের কার্যক্রম চলে। বাকি সময় এখানে কোনো হাট বসে না। সন্ধ্যার পর থেকে কুমিল্লা, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা ট্রলারে করে ক্ষীরা নিয়ে হাটে আসেন। রাত ১১টা থেকে ঘণ্টা দুয়েক হাটে বেচাকেনা হয়। বেচাকেনা শেষ হলে ট্রলারেই রাত কাটান কৃষকেরা। পরের দিন ভোরে আবার ফিরে যান যে যার গন্তব্যে।

কথা হলো ফতুল্লার মুসলিম নগরের ব্যবসায়ী খোরশেদ আলমের সঙ্গে। ২ হাজার ৩৫০ টাকায় ২৭০ কেজি ক্ষীরা কিনেছেন তিনি। কম দামে ভালো মানের ক্ষীরা পাওয়া যায় বলে প্রায় এক যুগ ধরে এ হাট থেকে ক্ষীরা কিনে তা খুচরায় বিক্রি করেন বলে জানান তিনি।

কুমিল্লার দাউদকান্দি থেকে আসা কৃষক মোশাররফ হোসেন বলেন, তাঁরা ১১ কৃষক মিলে প্রায় ১০০ মণ ক্ষীরা ট্রলারে বোঝাই করে হাটে এসেছেন। এতে পরিবহন খরচ কম পড়ে। নারায়ণগঞ্জের এ হাটে ক্ষীরার ভালো দাম পাওয়া যায় বলে তাঁর এলাকার কৃষকেরা বছরের পর বছর ধরে ক্ষীরা বিক্রি করতে এখানে আসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে মূলত ছোট আকারের ক্ষীরা বেশি বিক্রি হয়। অগ্রহায়ণের শুরুতে পাইকারি এ বাজারে প্রতি কেজি ৫০ টাকা দরে ক্ষীরা বিক্রি করেছেন। একই ক্ষীরা ফাল্গুনে এসে ১৩ থেকে ১৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দুবার হাত বদল হয়ে ক্ষীরাগুলো ভোক্তার হাতে চলে যায়। একদিন সকালে দুই বন্ধু মিলে কৌতূহলবশত শহরের খুচরা বাজার ঘুরে ক্ষীরার দাম জেনেছেন। দেখেছেন, নিজেদের উৎপাদিত সেসব ক্ষীরা কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে এনে ১৫ টাকা কেজিতে পাইকারি বিক্রি করেছেন। সেই একই ক্ষীরা কয়েক কিলোমিটার দূরের শহরের খুচরা বাজারে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়।

শহরের বাজারের দরদাম নিয়ে একসময় আক্ষেপ থাকলেও এখন আর এসব নিয়ে মাথা ঘামান না মোশাররফ। কৃষক হিসেবে তাঁর চিন্তা সার আর ডিজেলের বাড়তি দর নিয়ে। তার চেয়েও বড় চিন্তা আবহাওয়ার গতিপ্রকৃতি নিয়ে। তাঁর ভাষায়, ‘এই শীত, এই গরম, আবার অসময়ে বৃষ্টি আর কুয়াশা। এমন আবহাওয়া ক্ষীরা চাষের লাইগা ভালা না। জমিতে পোকার আক্রমণ বাইড়া যায়, ক্ষীরার ফুল নষ্ট হয়।’