ভ্যানের সিটের নিচে মিলল কোটি টাকার সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার বার
ফাইল ছবি

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত ভ্যান থেকে নয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে বেনাপোল বন্দর থানার আমড়াখালী এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির দাবি, উদ্ধার করা সোনার বারের ওজন প্রায় ১ কেজি। এর বাজারমূল্য প্রায় সাড়ে ৯৩ লাখ টাকা। তবে অভিযানে ওই ভ্যানচালককে আটক করতে পারেনি বিজিবি।

গতকাল রাতে পাঠানো যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর থানার আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। রাত সাড়ে নয়টার দিকে আমড়াখালী থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান কাগজপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় ভ্যানটিকে থামানোর চেষ্টা করে বিজিবি। কিন্তু ভ্যানচালক ভ্যানটি ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ভ্যানটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এরপর ভ্যানটি তল্লাশি করে ভ্যানের সিটের নিচে কৌশলে ঢেকে রাখা একটি গর্তে নয়টি সোনার বার পাওয়া যায়।

লে. কর্নেল শাহেদ মিনহাজ বলেন, পালিয়ে যাওয়া ওই ভ্যানচালকের নাম মো. মিলন ওরফে ছোট বাবু (৩৫)। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। উদ্ধার করা ইঞ্জিনচালিত ভ্যানটি থানায় দেওয়া হয়েছে। উদ্ধার করা সোনা কোষাগারে জমা দেওয়া হয়েছে।