পায়ে মাড়িয়ে খামির তৈরি, পোড়া তেলে ভাজা হচ্ছিল চানাচুর

পোড়া তেলে চানাচুর ভাজা হচ্ছে। সোমবার দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায়ছবি: প্রথম আলো

ময়দার খামির পায়ে মাড়িয়ে তৈরি করা হচ্ছিল চানাচুর। পরে সেই চানাচুর ভাজা হচ্ছিল দীর্ঘদিনের পোড়া তেলে। মসলা মাখানো ও প্রস্তুত চানাচুর রাখা হচ্ছিল ময়লা মেঝেতে। এ ছাড়া চানাচুরে ব্যবহার করা হচ্ছিল ক্ষতিকর রাসায়নিক রং।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সোমবার দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় ‘ডলার চানাচুর অ্যান্ড সেমাই কারখানায়’ অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। সোমবার অভিযানে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

কারখানার মেঝেতে রাখা হয়েছে চানাচুর। সোমবার দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

অভিযান শেষে মো. রাসেল প্রথম আলোকে বলেন, কারখানায় পায়ে মাড়িয়ে ময়দার খামির ও চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। দীর্ঘদিনের পোড়া তেলে চানাচুর ভাজার পাশাপাশি ময়লা মেঝেতে তা রাখা ও প্যাকেটজাত করা হচ্ছিল। এতে ক্ষতিকর রাসায়নিক রংও ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।