গ্রেপ্তারের ১৯ ঘণ্টা পর জামিন চট্টগ্রাম বন্দর আন্দোলনের সমন্বয়কের

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনছবি: সংগৃহীত

গ্রেপ্তারের ১৯ ঘণ্টা পর জামিন পেয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বন্দর কর্তৃপক্ষের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইব্রাহিম খোকনকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

গতকাল সোমবার রাত আটটার দিকে বন্দর এলাকা থেকে ইব্রাহিমকে আটক করে র‌্যাব। পরে তাঁকে বন্দর থানায় হস্তান্তর করে। বন্দরে লাগাতার ধর্মঘট কর্মসূচি স্থগিত করার পরই তাঁকে আটক করা হলো। ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলেরও সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খোকনকে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন বন্দরের কর্মচারীরা। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দুজন। ইব্রাহিম খোকন ছাড়া হুমায়ুন কবিরও এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। শুরুতে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আন্দোলন করলেও পরে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে কঠোর আন্দোলন শুরু করেন তাঁরা।

গত ৩১ জানুয়ারি থেকে প্রথমে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে সংগঠনটি। পরে গত মঙ্গলবার লাগাতার কর্মসূচি শুরু হয়। গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে গত রোববার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পরে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।