কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাসায় ফিরছিলেন তরুণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত হওয়ার খবরে স্বজনদের আহাজারি। আজ বুধবার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায়ছবি: প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিমন ওই ইউনিয়নের দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন। আজ সকালে কাজ শেষে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, লিমন কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। ট্রেন আসতে দেখে তাঁকে সরে যেতে চিৎকার করে সতর্ক করা হয়। কিন্তু তিনি শুনতে পাননি।

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশনমাস্টার তোফাজ্জল হোসেন বলেন, কানুপুর হালির মোড় এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।