কক্সবাজারের শিউলি কটেজের ‘টর্চার সেল’ থেকে ৪ কিশোর উদ্ধার
উখিয়ার পালংখালী এলাকা থেকে গতকাল রোববার বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসে দুই কিশোর। রাত হওয়ায় তারা বাড়ি ফিরতে না পেরে অল্প ভাড়ার হোটেলকক্ষের সন্ধান করছিল। একজন দালাল দুই কিশোরকে ৫০০ টাকায় কক্ষভাড়ার আশ্বাস দিয়ে নিয়ে যান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে কটেজ জোনের ‘শিউলি কটেজে’। পরে দুজনকে কটেজের একটি কক্ষে বন্দী করে মারধর শুরু করেন তিনজন মেয়ে ও সাতজন যুবক। একপর্যায়ে ওই কক্ষে মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন যুবকেরা।
খবর পেয়ে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশ। রাত তিনটার দিকে পুলিশ শিউলি কটেজে অভিযান চালায়। একপর্যায়ে একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুই কিশোরকে উদ্ধার করা হয়। এ সময় ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় আগে থেকে বেঁধে রাখা আরও দুই কিশোরকে। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলায়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সমুদ্রসৈকতসংলগ্ন কটেজ জোনে ৪০-৫০টি আবাসিক কটেজ আছে। এগুলোর অধিকাংশে মাদক বেচাবিক্রি, সেবনসহ অনৈতিক কাজ চলে। সৈকত ভ্রমণে আসা পর্যটকদের প্রলোভন দেখিয়ে দালাল চক্র কটেজে এনে বন্দী করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে। মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, গতকাল সৈকতে আসা চার কিশোরকে কমমূল্যে কক্ষ ভাড়া দেওয়ার প্রলোভন দিয়ে শিউলি কটেজে আনা হয়। একপর্যায়ে চার কিশোরকে কটেজের ভেতরে একটি ‘টর্চার সেলে’ বন্দী করে টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছিল চক্র। খবর পেয়ে রাত ১২টার দিকে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশ। একাধিক কটেজে তল্লাশির পর রাত তিনটার দিকে শিউলি কটেজের ভেতরে টর্চার সেলের সন্ধান মেলে। যেখানে চার কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করা হচ্ছিল। পুলিশ টর্চার সেল থেকে চারজনকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত ১১ জন দালালকে আটক করে।
উদ্ধার দুই কিশোর জানায়, শিউলি কটেজে নেওয়ার পর তাদের একটি অন্ধকার কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় তালা দেওয়া হয়। এরপর ছয়-সাতজন যুবক কক্ষে ঢুকে তাদের পকেটে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেন। তারপর বাড়ি থেকে আরও টাকা এনে দেওয়ার কথার বলে মারধর শুরু করেন। একপর্যায়ে কয়েকজন মেয়ের সঙ্গে তাদের আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে।
আটক দালালেরা হলেন মো. আলমগীর (৪৫), মো. সেলিম (২০), আকাশ দাস (২৩), মো. জোবায়ের (১৮), মো. মামুন (২২), নাজির হোসেন (২৮), সেকেন্দার আলী (২৮), মো. সোহেল (৩০), মো. জাহাঙ্গীর আলম (৩৩), মো. জসিম (২৭) ও পারভেজ (২৫)। তাঁদের সঠিক ঠিকানা যাচাই করছে পুলিশ।
পুলিশ জানায়, উখিয়ার জনৈক আবদুর রহিম ও মহেশখালীর লোকমান নামের দুই ব্যক্তির ছত্রচ্ছায়ায় কটেজ জোনে গড়ে ওঠে শতাধিক সদস্যের দালাল চক্র। মাদক বেচাবিক্রির পাশাপাশি দালালেরা সৈকত ভ্রমণে আসা পর্যটকের নানা বয়সী মানুষজনকে কটেজে এনে অনৈতিক কাজে বাধ্য করেন। এরপর টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে ছেড়ে দেন। এ ক্ষেত্রে মেয়েদের সঙ্গে তাদের আপত্তিকর ছবি তুলে রাখা হয়, যেন অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ না খোলেন। ট্যুরিস্ট পুলিশের হাতে ১১ দালাল ধরা পড়ার পর অন্যরা গা ঢাকা দিয়েছেন।