এবি পার্টির মঞ্জুকে মিষ্টিমুখ করালেন বিজয়ী জয়নাল

ফেনী-২ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী জয়নাল আবদীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল শুক্রবার রাতে শহরের শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায়ছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জয়নাল আবদীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় মজিবুর রহমান মঞ্জুকে মিষ্টিমুখ করান তিনি। নির্বাচনের এক দিন পর গতকাল শুক্রবার রাতে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড-সংলগ্ন ছিদ্দিক স্কয়ারে ১১-দলীয় ঐক্যের নির্বাচনী কার্যালয়ে গিয়ে মঞ্জুর সঙ্গে দেখা করেন জয়নাল আবদীন।

সৌজন্য সাক্ষাতের সময় নবনির্বাচিত সংসদ সদস্য জয়নাল আবদীন বলেন, ‘আমরা সরকারে গেলাম, যা ইচ্ছা তা করলাম—আমার এলাকায় এ রকম হতে দেওয়া হবে না। আমি আইনের শাসন, গণতন্ত্র, সুবিচার, কর্মসংস্থানের জন্য কাজ করে যাব।’

জানতে চাইলে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নির্বাচিত হওয়ার পর জয়নাল ভাই আমার অফিসে এসেছেন। আমি তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। আমরা চাই বাংলাদেশ আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। অতীতের রাজনীতি ছিল এক পক্ষ জিতলে আরেক পক্ষ এলাকায় ছাড়া হয়ে যায়। নির্বাচনকেন্দ্রিক যে কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা তা বিএনপিকে জানিয়েছি। আমরা আশা করছি, তারা এগুলোর সুবিচার করবে।’

মঞ্জু আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীসহ আমরা একসঙ্গে গণ-অভ্যুত্থান করেছি। আমরা একসঙ্গে ফ্যাসিবাদের নির্যাতন ভোগ করেছি, গুলিবিদ্ধ হয়েছি, আহত হয়েছি, জেলে গিয়েছি। এখন আমরা নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা করব। একে অপরের যেন আমরা শত্রু না হই। আমি বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব, প্রত্যেক এলাকায় যেন একটা সম্প্রীতি সভা করেন।’

সৌজন্য সাক্ষাতের সময় বিএনপির ফেনী সদর উপজেলা শাখার সদস্যসচিব আমান উদ্দিন কায়সার, জেলা কমিটির সদস্য কফিল উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এবি পার্টির নেতাদের মধ্যে ছিলেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর সভাপতি আবুল কালাম আজাদ। এ ছাড়া খেলাফত মজলিসের জেলা সভাপতি মোজাফফর আহমদ জাফরী ও জেলা যুগ্ম সম্পাদক আজিজ উল্যাহ আহমদী প্রমুখও উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী জয়নাল আবদীন এলাকায় ভিপি জয়নাল নামে পরিচিত। তিনি এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবার প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হন।