দ্বিতীয় দিনে জাকসুর মনোনয়ন ফরম নিলেন ৪০ জন, সংগ্রহের সময় বাড়ল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ৪০ জন শিক্ষার্থী। আর হল সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম নিয়েছেন ১৫৫ জন। এ ছাড়া ছাত্রসংগঠনগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য এক দিন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। প্রথম দিন জাকসু নির্বাচনের জন্য ৪৭ জন এবং হল সংসদের জন্য ৮৬ জন মনোনয়ন ফরম নেন। সে হিসেবে দুই দিনে জাকসু নির্বাচনের জন্য মোট ফরম নিয়েছেন ৩২৮ জন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, এখন পর্যন্ত জাকসুতে চারজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিভিন্ন ছাত্রসংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য এক দিন সময় বাড়ানো হয়েছে। ২১ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং একই দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।