কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের কাছে দ্য সি প্রিন্সেস হোটেলের জেনারেটর কক্ষে আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: ভিডিও থেকে নেওয়া

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির সাত দিনের মধ্যে এবার শহরের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন তারকা হোটেল দ্য সি প্রিন্সেসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে।

এ সময় হোটেলের শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পর তাঁরা দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের কাছে দ্য সি-প্রিন্সেস হোটেলে আগুন, পর্যটকেরা নিরাপদ জায়গায় সরে পড়েন। আজ শুক্রবার বিকেলে
ছবি-প্রথম আলো

পুলিশ, ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে হোটেলটির পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। ধোঁয়ার কুণ্ডলী দেখে পথচারী ও হোটেলের কর্মীদের মধ্যে হইচই শুরু হয়। নয়তলা ভবনের বিভিন্ন কক্ষে থাকা পর্যটকেরাও দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে চলে যান।

খবর পেয়ে বিকেল ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও হোটেল কর্তৃপক্ষের সম্মিলিত চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন
আগুন লাগার পর আতঙ্কিত পর্যটকেরা
ছবি: প্রথম আলো

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন

দ্য সি-প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল। কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা সবাই নিরাপদে আছেন।

আরও পড়ুন