চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রহনপুর স্টেশন থেকে প্রায় সাড়ে ৪০০ মিটার দূর থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঠাকুর পালশা হাজিনগর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এটা দুর্ঘটনা না আত্মহত্যা সেটা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা ২০ মিনিটে রহনপুর স্টেশন থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার কিছু সময় পর স্টেশন থেকে প্রায় সাড়ে ৪০০ মিটার দূরের একটি নির্জন এলাকায় স্থানীয় লোকজন রেললাইনের ওপর আমিনুলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি রহনপুর রেলস্টেশন কর্তৃপক্ষকে জানান।

স্টেশনমাস্টার শহিদুল আলম বলেন, স্টেশন থেকে প্রায় সাড়ে ৪০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। তবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা, সেটি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, নিহত তরুণের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ঘটনাস্থলে এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।