সুপারি কেনার পর দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়েন কাদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আবদুল কাদির (৪৫)। তিনি নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের তোতা মিয়ার ছেলে। গতকাল দুপুরে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে। আবদুল কাদির পরিবার নিয়ে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আমিরগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। স্টেশনে অবস্থানরত শত শত লোকের চোখের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি বেলা আড়াইটার দিকে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। যাত্রাবিরতি শেষে ট্রেনটি যখন পুনরায় যাত্রা শুরু করে, তখন এক যাত্রী প্ল্যাটফর্মের ওপর দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। তবে ওই যাত্রী যতক্ষণে ট্রেনের দরজার হাতল স্পর্শ করেন, ততক্ষণে ট্রেনের গতি বেশ বেড়ে যায়। এ সময় অসাবধানতাবশত ওই ব্যক্তি পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় মেয়ে আকলিমা আক্তারের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আবদুল কাদির ও তাঁর স্ত্রী মাজেরা বেগম। পরে তাঁরা দুজন পারিবারিক ভিটায় স্বজনদের সঙ্গে দেখা করতে চরাঞ্চল আলোকবালীর খোদাদিলায় যান। টঙ্গীতে ফেরার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে পাশের রায়পুরার মনিপুরা ঘাট হয়ে আমিরগঞ্জ রেলস্টেশনে আসেন। এর মধ্যে তিতাস কমিউটার ট্রেন স্টেশনে ঢুকলে স্ত্রীকে ট্রেনে উঠিয়ে আবদুল কাদির সুপারি কিনতে যান। প্ল্যাটফর্মের এক দোকান থেকে সুপারি কেনার পর ট্রেনে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্বামীকে হারিয়ে শোকে বিহ্বল নিহত ব্যক্তির স্ত্রী মাজেরা বেগম। তিনি বলেন, ‘আমরা নিয়মিত পান খাই। তাই ট্রেনে ওঠার আগে আমার স্বামী কাঁচা সুপারি আনতে গিয়েছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ার পর ভেবেছিলাম, অন্য কোনো বগিতে হয়তো তিনি উঠেছেন। কিন্তু টঙ্গী যাওয়ার পরও খোঁজ পাচ্ছিলাম না। পরে রাতে জানতে পেরেছি, ট্রেনে কাটা পড়ে নাকি একজন মারা গেছে। সন্দেহ থেকে এখানে এসে দেখি, এটা আমার স্বামীর লাশ।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, নিহত ব্যক্তির স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা নরসিংদী সদর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।