মোটরসাইকেলে ছিলেন তিন ভাই, ছিটকে পড়ে একজনের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রাত আটটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরোনো বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি।
নিহত যুবকের নাম আবু হেনা (৩২)। তিনি একই উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকার সাম মহাজন বাড়ির মৃত আজিজুল হকের ছেলে। গতকাল একই মোটরসাইকেলে আবু হেনার সঙ্গে তাঁর আরও দুই ভাই ছিলেন। একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন তাঁরা। মোটরসাইকেলে পেছনের দিকটাতে বসেছিলেন আবু হেনা।
আবু হেনার মৃত্যুর বিষয়টি কলাউজান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবুল নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে উপজেলার পদুয়া বাজারের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে আবু হেনা ও তাঁর দুই ভাই বাড়িতে ফিরছিলেন। পথে পুরোনো বিওসি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আবু হেনা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পুলিশের কাছে কেউ এ বিষয়ে অভিযোগও করেনি।’