ভ্যানে তল্লাশির পর মিলল ২৩ বস্তা সার, পালিয়ে গেলেন চালক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সার বহনকারী ভ্যানচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টুপকারচর এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ২৩ বস্তা সার জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভ্যানচালক পালিয়ে যান।
পরে জব্দ করা সার বকশীগঞ্জ থানায় নেওয়া হয়। সারগুলো সরকারি নাকি বেসরকারি এবং কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন।
ইউএনও মুরাদ হোসেন বলেন, সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।