সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে একজনের মৃত্যু, একজন নিখোঁজ
সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবিতে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৫)। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়ে লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় আনহার মিয়া (১৭) নামের আরও এক কিশোর নিখোঁজ রয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার চাপতির হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ওই দুজন নিখোঁজ হন। দুজনের বাড়িই দিরাই উপজেলা সদরের পূর্ব চণ্ডিপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মুজিবুর, আনহার ও পারভেজ (২৬) নামের তিন জেলে একটি নৌকায় হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পারভেজ সাঁতরে পারে উঠতে সক্ষম হন। তবে মুজিবুর ও আনহার নিখোঁজ হন। আজ সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা মুজিবুরের লাশ উদ্ধার করে। এখনো নিখোঁজ আনহার মিয়া।
দিরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আকরাম আলী জানান, ঝড়ের কবলে পড়ে হাওরে নৌকাটি ডুবে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যজনকে উদ্ধারের চেষ্টা চলছে।