ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চায়ের দোকানিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আজ শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক সরদার। এলাকায় তাঁর চায়ের দোকান আছে। মোবারকের পাঁচ ছেলে–মেয়ে। ভুক্তভোগী কিশোরী তাঁর স্বজনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তাঁর বসতঘরে নিয়ে যান। এ সময় ঘরে তাঁর পরিবারের কেউ ছিলেন না। তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ওই ঘটনা নিজের মুঠোফোনে ভিডিও করেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন। তিন–চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন। এতে ঘটনাটি জানাজানি হয়।
বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তাঁর পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।
আজ শুক্রবার সকাল ১০টায় মোবারক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন। দেখে নেওয়ার কথা বলেও শাসান। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই কিশোরী অথবা তার বাবা মামলাটি করবেন। মামলা করার পর আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।