রাজশাহী থেকে নেসকো কার্যালয় বগুড়ায় স্থানান্তর–প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর–প্রক্রিয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বোয়ালিয়া (পশ্চিম) থানা বিএনপির সভাপতি শামসুল ইসলামের (মিলু) সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদা।
বক্তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। এখান থেকে নেসকোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নেতিবাচকভাবে প্রভাবিত হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজশাহীবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। দাবি বাস্তবায়ন না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধন শেষে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগের খবরে রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব হ্রাস পাওয়ার পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। তাই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে ১৬ জুলাই নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়েছে। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম নেসকো বগুড়ায় স্থানান্তরের জন্য বিদ্যুৎ–মন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান।