মধ্যরাতে ঝিনাইদহে আ.লীগের কার্যালয়ের পেছনে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কার্যালয়ের পেছনের দিকে একটি পরিত্যক্ত জায়গায় পরপর চারবার ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর কার্যালয়ের পূর্ব দিকের একটি খোলা জায়গা থেকে পাঁচটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধারের দাবি করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সোহেল রানা বলেন, গতকাল রাতে বিকট শব্দ শুনে রাতে পুলিশের একটি দল আওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকায় আসে। সেখানে এসে পুলিশ সদস্যরা দেখতে পান, কার্যালয়ের পেছনের দিকে (উত্তর পাশে) চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ওই স্থানের পাশ থেকেই আরও পাঁচটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের স্থানীয় নেতাদের দাবি, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটিয়েছেন। তবে জেলা বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
শহরের দেবদারু অ্যাভিনিউ মূল সড়ক থেকে ৩০ গজ ভেতরে জেলা আওয়ামী লীগের কার্যালয়। আজ সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের কার্যালয়ের পেছনের দিকে যেখানে ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে, সেই জায়গা মূলত পরিত্যক্ত। সেখানে মানুষের চলাচল নেই। কার্যালয় থেকে প্রায় ২০০ গজের মধ্যে ঝিনাইদহ সদর থানা। গতকাল রাতে বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
ককটেল বিস্ফোরণের সময় রাতে কার্যালয়ে দলের কোনো নেতা–কর্মীরা ছিলেন না। তবে আজ সকাল থেকে দলটির নেতারা ঘটনাস্থল দেখতে আসছেন। ঘটনাস্থলে কথা হয় জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তিনি এসেছেন। দলের কার্যালয়ে পেছনে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এর আলামত আছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় চা–দোকানি ও আওয়ামী লীগের কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী লিয়াকত হোসেন বলেন, গতকাল সন্ধ্যার পর তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাতে কী ঘটেছে, সেটা তিনি জানেন না। সকালে এসে জানতে পান যে ককটেল বিস্ফোরণ হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল হামলা করা হলো, এটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে বিএনপি-আওয়ামী লীগ পৃথকভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছিল। কিন্তু হঠাৎ করে ১০ তারিখের সমাবেশকে ঘিরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
বিএনপিকে উদ্দেশ করে সাইদুল করিম বলেন, ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমে আসতে হবে। নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় যাওয়া যাবে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, বর্তমানে সরকারবিরোধী আন্দোলন যখন দানা বেঁধে উঠেছে, দেশের জনগণ যখন ফুঁসে উঠেছে , তখন সরকারি দল আর পুলিশ আন্দোলন দমাতে মিথ্যা নাটক সাজাচ্ছে। তারা নিজেরা নিজেদের কার্যালয়ে বোমা ফাটিয়ে, বোমা রেখে বিএনপির নেতা–কর্মীদের নামে মামলা দিচ্ছে। এটা শুধু ঝিনাইদহে নয়, সারা দেশে করা হচ্ছে। পুলিশ জনগণের পয়সায় বেতন নেয়, অথচ একটা দলের হয়ে জনগণের বিপক্ষে কাজ করছে।