‘অবৈধ সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার। সোমবার বিকেলে নগরের সদর রোডে
ছবি: প্রথম আলো

বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে।

গতকাল সোমবার বিকেলে বরিশাল নগরের সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় গুলিতে দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বরিশাল সদর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিলকিস আক্তার। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে মানুষ জেগে উঠেছে। আন্দোলনের দাবানল দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। তারা পালানোর পথ পাবে না। এ জন্য ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপির সভা-সমাবেশে, নেতা-কর্মীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করানো হচ্ছে। কিন্তু এতে শেষ রক্ষা হবে না।

সরকার পতনের খুব কাছাকাছি এসে গেছে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, বাংলাদেশসহ পৃথিবীর কোনো দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার দমন-পীড়ন, খুন-গুম ও নির্যাতন করে টিকে থাকতে পারেনি। এটা ভুল পথ। অন্যায় করে বেসামাল হয়ে গেলে মানুষ এমন ভুল পথে ধরে। আজকের এই অবৈধ সরকার সেই ভুল পথেই হাঁটছে।

বরিশাল জেলা বিএনপি সদস্য নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য নুরুল আমিন ও রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি সদস্যসচিব আকতার হোসেন।

আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়েদুল হক ও আবু নাসের মুহাম্মদ রতমাতউল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান প্রমুখ।