মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন উপজেলার তিল্লী গ্রামের আলম হোসেন (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।
সাটুরিয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কংক্রিটবোঝাই একটি ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া এলাকায় ট্রাকটি সামনের দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহী আলম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী কালু মিয়া ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে কালু মিয়া এবং বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনা মিয়া মারা যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।