ফসলের খেতে পড়ে ছিল যুবকের চোখ ওপড়ানো লাশ
লক্ষ্মীপুর সদর উপজেলায় ফসলের খেত থেকে এক যুবকের চোখ ওপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশটি ফরহাদ হোসেনের (৩০)। তিনি ওই গ্রামের দিদার হোসেনের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন তিনি। বিবাহিত ফরহাদ হোসেন এক সন্তানের বাবা বলে পরিবার সূত্রে জানা গেছে।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এক ব্যক্তি তাঁর স্বামী ফরহাদের মুঠোফোনে কল দেন। পাওনা টাকা পরিশোধের কথা বলে ফরহাদকে বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে ফরহাদ আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ফসলের খেতে ফরহাদের লাশ দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। নার্গিস বেগম বলেন, ‘আমার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দেখা গেছে, ওই ব্যক্তির ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ছাড়া মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তিনি বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।