কুমিল্লায় পরিবহন নেতাকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায়
প্রতীকী ছবি

কুমিল্লায় পরিবহন নেতা রেজাউল করিম ওরফে রাজা মিয়াকে হত্যার দায়ে তাঁর স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত রেজাউল করিমের স্ত্রী আলো আক্তার (৩০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের তাপস চন্দ্র শীল (২৫) ও চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের মো. রাশেদ (২৮)। রায় ঘোষণার সময় রাশেদ উপস্থিত ছিলেন। আলো আক্তার ও তাপস চন্দ্র শীল পলাতক রয়েছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পুরোনো চরচাষি ছায়েদ আলী মুন্সী বাড়ির বাসিন্দা ছিলেন রেজাউল করিম। কর্মসূত্রে তিনি কুমিল্লায় থাকতেন। তিনি দাউদকান্দি বাসস্ট্যান্ডে গজারিয়া পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ১৩ জুন দোনারচর এলাকা থেকে রেজাউল করিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রেজাউলের ভাই মো. খাজা মিয়া (৪৮) বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে আলো আক্তারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অপর দুই আসামি তাপস চন্দ্র শীল ও রাশেদের নাম বলেন। পুলিশ অপর দুই আসামিকে গ্রেপ্তার করলে তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত ২০১৫ সালের ২৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে সাক্ষ্য গ্রহণ শেষে আদালত প্রায় ৯ বছর পর এ রায় দেন।

এপিপি নজরুল ইসলাম বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী মো. মাসুদ সালাউদ্দিন বলেন, তাঁরা রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিল করবেন।