সাগর উত্তাল, সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ, নিত্যপণ্যের চড়া দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যসংকটের কারণে সেন্ট মার্টিন দ্বীপের বাজারের বন্ধ দোকানপাট। আজ রোববার দুপুরে
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বদক্ষিণের লোকালয় বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে খাদ্যসংকট চলছে। আট দিন ধরে আট বর্গকিলোমিটার আয়তনের দ্বীপটির কয়েক হাজার মানুষ ঘরবন্দী জীবন কাটাচ্ছেন। একদিকে ঝড়-বৃষ্টির জন্য বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না, অন্যদিকে বৈরী পরিবেশে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ট্রলার চলাচলও বন্ধ রয়েছে। ফলে দ্বীপের বাসিন্দাদের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে।

সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা ১০ হাজার ৯০০ জন। এখানে খাদ্যপণ্যের সরবরাহ হয় টেকনাফ থেকে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দ্বীপের হাটবাজারে খাবারের সংকট দেখা দিয়েছে। তরিতরকারি-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যা কিছু পাওয়া যাচ্ছে, সেগুলোর দামও বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে টেকনাফ থেকে হেলিকপ্টার কিংবা কোস্টগার্ড-নৌবাহিনীর মাধ্যমে ত্রাণসহায়তা চেয়েছেন দ্বীপের মানুষ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল। এ কারণে আট দিন ধরে ‘সেন্ট মার্টিন–টেকনাফ’ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে যেতে পারছে না অন্তত এক হাজার জেলে। টেকনাফ থেকেও আনা যাচ্ছে না চাল, ডাল, তেল, তরিতরকারি-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ফলে দ্বীপের মানুষ খাদ্যসংকটে ভুগছেন। বৈরী পরিবেশের কারণে নৌপথে টেকনাফ থেকে পণ্য পাঠানোর বিকল্প ব্যবস্থাও নেই।

মুজিবুর রহমান আরও বলেন, দ্বীপে ডিম, মুরগি উৎপাদনের কোনো পোলট্রি ফার্ম নেই। চাষের জমিতে ১১৪টির বেশি হোটেল রিসোর্ট-কটেজ এবং রেস্তোরাঁ তৈরি হওয়ায় সেখানে তরিতরকারি-শাকসবজির উৎপাদনও কমে গেছে। চাহিদার ৯৫ শতাংশ চাল, ডাল, আলু, ডিম, পোলট্রি মুরগি, তরকারি-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য টেকনাফ থেকেই আনা হয়।

সেন্ট মার্টিন জেটিঘাটের পাশেই একমাত্র বাজারে দোকান ছিল প্রায় দুই শ। পণ্যসংকটের কারণে বেচাবিক্রি না হওয়ায় বন্ধ হয়ে গেছে শতাধিক দোকান। সেন্ট মার্টিন দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অছিম উদ্দিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, স্থানীয় চাহিদার ৮০ ভাগ ভোগ্যপণ্য দ্বীপে নেই। ২০ শতাংশ ভোগ্যপণ্য ২০টি দোকানে বেচাবিক্রি হলেও দাম আকাশচুম্বী। গতকাল শনিবার ডিম বিক্রি হয়েছে প্রতিটি ২০ টাকায়। এখন ৫০ টাকায়ও ডিম পাওয়া যাচ্ছে না। এক কেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। ময়দা ও আটা বিক্রি হচ্ছে কেজি ৬৫-৭০ টাকা, কাঁচা মরিচ ৪০০ টাকা, টমেটো-৩০০ টাকা, চিনি ১০০ টাকা, ব্রয়লার মুরগি ২৫০ টাকায়।

মাঝরপাড়া যুবকল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্বীপের মানুষকে হাঁপিয়ে তুলছে। পর্যটকের সমাগম বন্ধ এবং ট্রলারের জেলেদের মাছ আহরণ বন্ধ থাকায় দ্বীপের শ্রমজীবী কয়েক হাজার মানুষ বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেকে দিনে এক বেলা খেয়ে সময় পার করছেন। সাগরের উত্তাল পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে। তত দিনে খাদ্যসংকট আরও তীব্র হতে পারে।

সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, বৈরী পরিবেশে সাগর উত্তাল থাকায় টেকনাফ উপজেলা প্রশাসন এই নৌপথে অনির্দিষ্টকালের জন্য ট্রলার চলাচল বন্ধ রেখেছে। ফলে আট দিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। এ নৌপথে চলাচল করে ২৮টি ট্রলার ও ১৭টি স্পিডবোট।

সেন্ট মার্টিন জেটিঘাট বাজার থেকে গতকাল শনিবার দুপুরে ৩৮৫ টাকায় দেড় কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি কিনেছেন স্থানীয় জেলে সাইফুল ইসলাম। তিনি বলেন, ১০ দিন আগেও তিনি এক কেজি ব্রয়লার মুরগি কিনেছেন ১৬০ টাকায়। এখন কিনতে হচ্ছে ২৫০ টাকার বেশি দামে। টেকনাফের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকলে ৫০০ টাকায়ও মুরগি পাওয়া যাবে না।

আরও কয়েকজন জেলে জানান, ১০ দিন আগে ৫০ কেজি ওজনের যে চালের বস্তা ২৬০০ থেকে ২৭০০ টাকায় কেনা যেত, তা এখন ৩৩০০-৩৬০০ টাকায় কিনতে হচ্ছে। নতুন দাম নির্ধারনের পরও ১১৪ টাকার ডিজেল-কেরোসিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৩৭ টাকায়। ১১০ টাকা দামের প্রতি বিড়া (৮০টি) পান বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। আয়রোজগার ছাড়া বেকার মানুষের পক্ষে চড়া মূল্যে পণ্যসামগ্রী কেনা কঠিন হয়ে যাচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে খাদ্যসংকট নিরসনে গত শুক্রবার দুপুরে তিনটি কাঠের ট্রলারে করে বিভিন্ন ধরনের কিছু খাদ্যপণ্য সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে। চাল, তেল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় আরও পণ্য পাঠানোর চেষ্টা চলছে। সাগরের উত্তাল পরিস্থিতি স্বাভাবিক হলেই নৌযান চলাচল পুনরায় শুরু হবে।