নরসিংদী রেলস্টেশনে তর্কে জড়িয়ে ট্রেনচালককে পাথর নিক্ষেপ
নরসিংদী রেলস্টেশনে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের চালকের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন পাঁচ তরুণ। এতে ইঞ্জিনের বগির একটি জানালার গ্লাস ভেঙে চুরমার হয়েছে। তবে অল্পের জন্য পাথরের আঘাত থেকে রক্ষা পেয়েছেন ট্রেনচালক। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি ওই স্টেশনে অন্তত ২০ মিনিট দাঁড়িয়ে ছিল।
ট্রেনচালকের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ইঞ্জিনে চড়ে ভ্রমণ করতে চান নরসিংদীর পাঁচ তরুণ যাত্রী। ট্রেনচালক তাঁদের ইঞ্জিন থেকে নামিয়ে দিয়ে যাত্রীদের জন্য নির্দিষ্ট বগিতে ভ্রমণ করতে বলেন। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে চালকের সঙ্গে তর্কে জড়ান এবং দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তাঁরা ইঞ্জিন থেকে নেমে যান।
রাত পৌনে ১০টার দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেয়। এ সময় ওই পাঁচ তরুণ এগিয়ে এসে ট্রেনচালকের সঙ্গে আবার তর্কে জড়ান। বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা রেললাইনের পাথর কুড়িয়ে চালক বরাবর ছুড়ে মারেন। এতে অল্পের জন্য রক্ষা পান চালক। তবে পাথরের আঘাতে ট্রেনটির ইঞ্জিনের একটি জানালা ভেঙে গেছে। পরে দ্রুত ওই তরুণেরা ঘটনাস্থল থেকে চলে যান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক কার্তিক চন্দ্র রায় বলেন, ইঞ্জিনে চড়ে ভ্রমণ করতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চালকের ওপর পাথর নিক্ষেপ করেন পাঁচ তরুণ। রেলওয়ে পুলিশ দৌড়ে তাঁদের ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী রেলস্টেশনের মাস্টার ইমন খান বলেন, সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে যাত্রাবিরতি দেয়। পাথর ছুড়ে মারার ঘটনায় ২০ মিনিট ট্রেনটি থেমে ছিল। পরে ১০টা ৫ মিনিটে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।