রৌদ্রোজ্জ্বল সকালে সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা
শীতের কুয়াশা ভেজা রৌদ্রোজ্জ্বল সকালে শিক্ষার্থীদের পদচারণে মুখর নোয়াখালী জিলা উচ্চবিদ্যালয়ের মাঠ। প্রতিদিনের পড়াশোনার বাইরে জেলার বিভিন্ন স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে এসে নিজেদের মতো দিন কাটাচ্ছে। তারা কেউ সেলফি তুলছে, কেউ বা আবার গল্প-আড্ডায় মেতে উচ্ছ্বসিত।
এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আজ রোববার নোয়াখালীতে এ সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে। জেলার ৯টি উপজেলার ১ হাজার ১২০ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য নিবন্ধন করে। দিনের শুরুতে বিদ্যালয়ের প্রধান ফটকে নিবন্ধন কপি স্ক্যান করে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এরপর লাইনে দাঁড়িয়ে তারা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করে। শিক্ষার্থীদের জন্য আরও থাকছে প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স এবং ফ্রেশের সৌজন্যে স্ন্যাকস বক্স।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। অতিথি হিসেবে বক্তৃতা দেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ সালমা আক্তার, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও নোয়াখালী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও নোয়াখালী জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাফুজের রহমান, বন্ধুসভার আরেক উপদেষ্টা কামাল হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘তোমাদের পড়ালেখার পাশাপাশি, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ভালো মানুষ হয়ে তোমরা সামনে এগিয়ে যাবে, এই দেশের নেতৃত্বে থাকবে, এর সঙ্গে সঙ্গে নোয়াখালী আরও এগিয়ে যাবে।’
ভালো, খারাপ, ন্যায়, অন্যায় অনুধাবন করে শিক্ষার্থীদের জীবন পরিচালনার তাগিদ দেন প্রবীণ শিক্ষাবিদ ও নোয়াখালী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি বাহ্যিক বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ—যেটিই তুমি ব্যবহার কর, তোমার উদ্দেশ্য থাকতে হবে একটাই, জ্ঞান আহরণ।’
কৃতী শিক্ষার্থীদের পক্ষে ইনান হোসেন ও তানজিনা চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আমাদের শুধু প্রতিযোগিতা করলে হবে না। তোমাদের যেসব বন্ধু আজ জিপিএ-৫ পায়নি, তারা কি ধ্বংস হয়ে গেছে? না। তাদের কেউ মায়ের অসুখ, বাবার অসুখ, নিজের অসুস্থতা কিংবা কোনো না কোনো পারিবারিক বিপর্যয়ে জিপিএ-৫ পায়নি। এমন হতে পারে, ভবিষ্যতে তারা অনেক বড় কিছু হয়ে উঠেছে। সুতরাং আমরা অহংকারী হয়ে উঠব না। আমরা বিনয়ী হব। আমরা প্রতিযোগিতা করব, আবার সহযোগিতাও করব। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।’
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ সালমা আক্তার বলেন, ‘তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। জীবনের একটা উদ্দেশ্য থাকবে। তুমি ছোটবেলা থেকে সেই উদ্দেশ্যকে লালন করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে।’