চাল পাননি ২৪ হাজার উপকারভোগী

ডিজিটাল ডেটাবেজ তৈরির জন্য অনলাইনে নিবন্ধন করতে না পারায় দুস্থ ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুম শেখের শরীর তেমন ভালো নয়। দিনমজুরি করে সংসার চালান। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় মাসুমের নাম ছিল। কিন্তু ‘চাকরিজীবী’ দেখিয়ে তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

মাসুম শেখের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বগুড়াতলা গ্রামে। মাসুম শেখ বলেন, ‘বাজারে চালের দাম বেশি। ঠিকমতো চাল কিনতি পারি নে। খবর পায়ে কয়েকবার অনলাইন করতি ইউনিয়ন কাউন্সিলি গিছি। কিন্তু আমার নাম অনলাইন করা ওইনি। খুব কষ্টে আছি। চাল পালি খুব উপকার অতো।’

গতকাল বুধবার ছিল খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির শেষ দিন। কিন্তু ডিজিটাল ডেটাবেজ তৈরির জন্য অনলাইনে নিবন্ধন করতে না পারায় মাসুম শেখের মতো জেলার ২৩ হাজার ৬৪০ জন হতদরিদ্র মানুষ চাল পাননি।

জানতে চাইলে জেলা খাদ্যবান্ধব কমিটির সদস্যসচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু বলেন, ‘সব ভোক্তা সময়মতো ডিজিটাল ডেটাবেজ তৈরির জন্য অনলাইনে নিবন্ধন করতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আসেননি। এ জন্য তাঁরা বাদ পড়েছেন। এরপর ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটিকে খাদ্যবান্ধব কর্মসূচির আগের উপকারভোগীর তালিকা থেকে যাঁরা অনলাইনে নিবন্ধন করতে আসেননি, তাঁদের পরিবর্তে প্রকৃত হতদরিদ্রদের অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে পাঠানোর জন্য বলা হয়। কিন্তু বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও বেশির ভাগ ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটি সময়মতো তালিকা পাঠায়নি। এ কারণে জেলার ১১ হাজার ৬৬৪ জন উপকারভোগী চাল পাচ্ছেন না। তবে ১১ হাজার ৯৭৬ জনের তালিকা যাচাই করা হয়েছে। তাঁদের নভেম্বর মাসের চাল পাওয়ার সম্ভাবনা আছে।

খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, প্রতিবছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—মোট পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি চলে। ভোক্তারা মাসের হিসাবে ৩০ কেজি চাল পাবেন। প্রতি কেজির দাম ১৫ টাকা। গত ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। গতকাল বুধবার ছিল চাল বিক্রির শেষ দিন।

খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়ম দূরীকরণ এবং তালিকা সঠিকভাবে তৈরি ও ডুপ্লিকেশন রোধ করতে ডিজিটাল ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রকৃত হতদরিদ্রদেরকে অন্তুর্ভুক্ত করে তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে পাঠায় এবং উপজেলা কমিটি তা যাচাই করে অনুমোদন করে। এরপর কমিটি প্রতি পরিবারের একজনের নামে ছবিসহ কার্ড ইস্যু করে।

গত ৩১ আগস্টের মধ্যে উপকারভোগীর তথ্য ডিজিটাল ডেটাবেজ তৈরির জন্য যাচাই শেষ করার কথা ছিল। পরে দুই দফা বাড়িয়ে তা গত ১৭ অক্টোবর করা হয়। এ সময়ের মধ্যে যেসব উপকারভোগী তথ্য ডিজিটাল ডেটাবেজ তৈরির জন্য অনলাইনে নিবন্ধন করেননি, তাঁদের পরিবর্তে প্রকৃত হতদরিদ্রদের অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করে ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা কমিটিতে পাঠানোর জন্য ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটিকে বলা হয়। কিন্তু বেশির ভাগ ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটি নির্ধারিত সময়ে তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে পাঠায়নি।

যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচিতে জেলায় তালিকাভুক্ত উপকারভোগী রয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৩২ জন। এর মধ্যে ১ লাখ ১১ হাজার ৪৯২ জনের নাম অনলাইনে নিবন্ধনের পর যাচাই করা হয়েছে। তাঁদের ছবিসহ কার্ড ইস্যু করার পর তাঁরা সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের চাল তুলেছেন। এ ছাড়া ১১ হাজার ৯৭৬ জনের নাম যাচাই করা হয়েছে। তাঁদের নভেম্বর মাসের চাল বরাদ্দ দেওয়ার সম্ভাবনা আছে। অবশিষ্ট ১১ হাজার ৬৬৪ জনের চাল পাওয়ার সম্ভাবনা নেই।

মনিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের গৃহবধূ মালা বিশ্বাস বলেন, ‘ছয়জনের সংসার। আগে আমার চালের কার্ড ছিল। ইউনিয়ন কাউন্সিলি কার্ড দিয়ে দুই-তিন বার গিছি। কিন্তু আমার কার্ডে নাকি গড়বড় আছে। এ জন্যি আমি চাল পাবো না বলে দেছে। চালডা পালি যে কী উপকার অতো!’

জেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি সরকারের অগ্রাধিকার প্রকল্প। জেলার এত সংখ্যক হতদরিদ্র মানুষ কেন চাল পাচ্ছেন না তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।