স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সিল-স্বাক্ষর জাল করে সুপারিশ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালিয়াতির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার মোজাম্মেল হক (সাদা শার্ট পরিহিত)
ছবি: প্রথম আলো

খাকি রঙের খামের ওপর লেখা ‘বাংলাদেশ রাষ্ট্রীয় কার্যে ব্যবহার্য’। খামের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্য সচিবের সিল ও স্বাক্ষর-সংবলিত দুটি আবেদনপত্র। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার বিচার চেয়ে এক ব্যক্তির আবেদনের ওপর ওই সুপারিশ করে রংপুরের উপপুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সম্প্রতি এমনি দুটি আবেদনের সুপারিশ পঞ্চগড়ের পুলিশ সুপারের কার্যালয়ে এসেছে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ওই আবেদনের সুপারিশে করা সিল-স্বাক্ষরগুলো জাল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবেদনকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. মোজাম্মেল হক (৪৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরী এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন সেলুন কর্মী বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘সুপারিশসহ আবেদন দুটিতে দেখা যায়, মোজাম্মেল হক নামের ওই ব্যক্তি তাঁর বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করে বিচার কামনা করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ১৫ ফেব্রুয়ারি আবেদন করেন। আবেদন দুটিতে তিনি প্রতিবেশী জিয়াউর রহমানসহ তাঁর ভাইদের বিরুদ্ধে জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে ১৪টি ঘর, ধান-চাল, জমির দলিল, পরিবারের আট শিক্ষার্থীর সনদসহ সবকিছুই পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। আবেদনের একটি ১৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অন্যটিতে ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সিলসহ স্বাক্ষর আছে। দুটি আবেদনেই সুপারিশ করে রংপুরের ডিআইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, আবেদনগুলো পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সহায়তায় পুলিশ জানতে পারে, সুপারিশ করা ওই সিল-স্বাক্ষরগুলো সঠিক নয়। এ ঘটনায় গত বুধবার রাতে পঞ্চগড় সদর থানায় মোজাম্মেল হকসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ। মামলায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ করা হয়। গতকাল দুপুরে অভিযুক্ত মোজাম্মেলকে শহরের জালাসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, তিনি জালিয়াতি করে আবেদন করার বিষয়টি স্বীকার করেছেন। তবে আবেদনকারী হিসেবে তিনি নিজে স্বাক্ষরগুলো করেননি বলে জানান। এসব স্বাক্ষর তাঁর পরিচিত একজন করেছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় একটি চক্র কাজ করেছে পুলিশ ধারণা করছে। পুরো চক্রটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।

পুলিশ সুপারের কার্যালয়ে অনুমতি নিয়ে গ্রেপ্তার মোজাম্মেল হকের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, আবেদনগুলো করতে পঞ্চগড়ের একজন এবং ঢাকার একজন তাঁকে সহায়তা করেছেন। আবেদনগুলোতে আবেদনকারী হিসেবে নিজের স্বাক্ষরও তাঁকে করতে হয়নি। যাঁরা আবেদন করে দিয়েছেন, তাঁরাই তাঁর (মোজাম্মেল) স্বাক্ষরটিও করে দিয়েছেন। এতে তাঁর এক লাখ টাকার মতো খরচ হয়েছে বলে তিনি দাবি করেন।