‘ইত্যাদি’র শুটিংয়ে মুঠোফোন খুইয়েছেন অনেকে, সন্দেহভাজন হিসেবে একজন আটক

জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘি কলেজে গতকাল শনিবার ‘ইত্যাদি’ অনুষ্ঠানের শুটিং দেখতে আসা দর্শকের ভিড়। এ সময় অনেকের মুঠোফোন খোয়া যায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‎‎জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে অনেক দর্শকের মুঠোফোন খোয়া গেছে। গতকাল শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি পাড়ে এ ঘটনা ঘটে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।

গোলাম রতনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়। তিনি ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র শুটিং দেখতে সকাল থেকে দর্শকেরা আসতে শুরু করেন। দিনভর ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে নান্দাইল দীঘি কলেজের প্রবেশ ফটকে দর্শকদের উপচে পড়া ভিড় হয়। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্রের সদস্যরা দর্শকদের পকেট ও ব্যাগ থেকে মুঠোফোন চুরি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে কতটি মুঠোফোন চুরি হয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে।
সাইদুল আলম, ওসি, কালাই থানা

‎অনুষ্ঠান শেষে মুঠোফোন হারানো ১০ জন দর্শকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁদের একজন ‎দিনাজপুরের বিরামপুর উপজেলার সরোয়ার জাহান বলেন, ‘সন্ধ্যার দিকে লাইনে দাঁড়িয়ে ফটক দিয়ে ঢোকার পর দেখি, পকেটে আমার মোবাইল নেই।’

‎অনুষ্ঠানের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় আড়াই শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক ও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। এত নিরাপত্তার মধ্যেও মুঠোফোন চুরির অভিযোগ পাওয়া গেল।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে। তবে কতটি মুঠোফোন চুরি হয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। ভুক্তভোগীদের থানায় আসতে বলা হয়েছে। মুঠোফোন চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তাঁর কাছে কোনো মুঠোফোন পাওয়া যায়নি।