বগুড়ার নন্দীগ্রামে শর্ষেখেত থেকে উদ্ধার অজ্ঞাতনামা মৃত তরুণীকে নিজের মেয়ে দাবি করেছেন নূর নাহার বেগম নামে ফরিদপুরের সদরপুরের এক নারী। আজ বুধবার নন্দীগ্রাম থানায় হাজির হয়ে নূর নাহার এ দাবি করেন। তাঁর মেয়ে শারমিন (১৮) ২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে ১০ জানুয়ারি সদরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নূর নাহার। এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করেছে।
ওই নারীর এই দাবির পর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। আদালতের বিচারক জিনিয়া জাহান ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি সদর দপ্তরের চিফ অ্যানালিস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
ওই তরুণীর আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের হদিস না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়।
নূর নাহার বেগম পুলিশকে জানান, তাঁর মেয়ে শারমিন আক্তার ২০১৯ সালে জেএসসি পাসের পর আর পড়াশোনা করেনি। কয়েক মাস আগে থেকে একই এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক জানতে পেরে মেয়েকে তিনি বাড়িতে চোখে চোখে রাখেন। এর মধ্যে ২ জানুয়ারি কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালায় শারমিন। এ বিষয়ে ১০ জানুয়ারি সদরপুর থানায় জিডি করা হয়। ১৪ জানুয়ারি গণমাধ্যমে মেয়ের লাশের ছবি দেখে বগুড়ায় আসেন। থানায় আলামত হিসেবে রাখা পোশাক এবং ছবি দেখে লাশটি শারমিন আক্তারের বলে শনাক্ত করেন তিনি।
গত শুক্রবার বেলা দুইটার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকায় কোয়ালিটি ফিড–সংলগ্ন শর্ষেখেত থেকে অজ্ঞাতনামা ওই তরুণীর লাশ উদ্ধার করে থানা-পুলিশ। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ওই তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী মাঠের একটি শর্ষেখেতে ১৩ জানুয়ারি অজ্ঞাতনামা তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই তরুণীর পরনে গোলাপি রঙের ওড়না, কালো রঙের বোরকা এবং হাতে মেহেদি আঁকা ছিল। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের হদিস না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশ বাদী হয়ে ইতিমধ্যে থানায় হত্যা মামলা করেছে। নূর নাহার নামে ফরিদপুরের সদরপুর থানার এক নারী তাঁর মেয়ের লাশ দাবি করায় আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।