বোয়ালমারীতে আধিপত্যের জেরে কলেজশিক্ষকসহ দুজনকে কুপিয়ে জখম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কলেজশিক্ষকসহ দুইজনকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার কাজী সালিমুল হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম (৫৬) ও ইট ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা ওরফে শাওন (৩৫)। তাঁরা দুজনই বোয়ালমারীর ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বেলজানি গ্রামের মো. আলাউদ্দিন ও ব্যবসায়ী রেজাউল করিমের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের কলেজশিক্ষক শাহিনুল ইসলাম, আবুল কালাম ও ফারুক হোসেনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। আজ সন্ধ্যায় খরসূতি গ্রামের ঈদগাহ-সংলগ্ন একটি সেলুনে বসে কথা বলছিলেন শাহিনুল, ইব্রাহিমসহ কয়েকজন। তখন পাশ দিয়ে আলাউদ্দিনের কয়েকজন সমর্থক হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁদের নিয়ে শাহিনুল ও ইব্রাহিম মোল্লা টিপ্পনী কাটেন বলে অভিযোগ করা হয়। এর জেরে আলাউদ্দিনের সমর্থকেরা দেশি অস্ত্র দিয়ে শাহিনুলের দুই হাত-পা এবং ইব্রাহিমের পা কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা হক বলেন, দুইজনের পায়ে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানো হয়েছে।
আহত কলেজশিক্ষক শাহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাঁরা সেলুনে বসে গল্প করছিলেন। আলাউদ্দিনের সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। তাঁদের নিয়ে কোনো ধরনের কটূক্তি করা হয়নি বলে তিনি দাবি করেন।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিপক্ষের লোকজন বেশ কয়েক দিন ধরে তাঁর সমর্থকদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। আজ যখন ওই সেলুনের পাশ দিয়ে তাঁর সমর্থকেরা যাচ্ছিলেন, তখন প্রতিপক্ষের লোকজন তাঁদের নিয়ে টিপ্পনী কাটেন। এ ঘটনার জেরে সেখানে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল ওহাব বলেন, অতর্কিত হামলা করে মুহূর্তেই হামলাকারীরা চলে যান বলে জানতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।