চাঁদপুরে নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

ছেলে শাহাদাতকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মোহাম্মদ আলী। আজ রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায়ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আজ রোববার দুপুরে দুই শিশু নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে মাঝনদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত অপর শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মৃত শিশুটির নাম শাহাদাত (৬)। সে বাগাদী ইউনিয়নের মমিনপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। নিখোঁজ শিশু মাহমুদ (৭) একই এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিন শিশু বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর একসঙ্গে ডাকাতিয়া নদীতে গোসলে নামে। তাদের একজন গোসল করে চলে গেলেও অপর দুই শিশু স্রোতে ভেসে যায়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজনের লাশ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত অপর শিশুর খোঁজ না পাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, ‘আমরা অনেক চেষ্টার পর এক শিশুর লাশ উদ্ধার করেছি। অপর শিশুর লাশ এখনো পাওয়া যায়নি। আমরা আগামীকাল সোমবার সকালে আবার অভিযানে নামব।’