ট্রেন দেখতে বের হয়ে মহাসড়কে প্রাণ গেল ভাই–বোনের
দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথে ট্রেন চলাচল দেখতে প্রতিদিন সকালে ডুলাহাজারা রেলস্টেশনে ভিড় করছে স্থানীয় মানুষ। তাদের মতোই ট্রেন দেখতে আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়েছিল তিন শিশু। কিন্তু স্টেশনে পৌঁছানোর আগেই মহাসড়কে বাসের চাপায় প্রাণ হারিয়েছে দুজন। আরেকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি।
আজ সকাল সাতটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইসলামিয়া আরবিয়া দাখিল মাদ্রাসার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। আধঘণ্টা পর চকরিয়া থানা-পুলিশ ও মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
মারা যাওয়া দুই ভাই-বোন হলো আবদুর রহমান (৬), মোছাম্মৎ সাবা (৮)। তারা ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার সৌদিপ্রবাসী নাছির উদ্দিনের সন্তান। দুর্ঘটনায় আহত নুসরাত জাহানও (৫) একই এলাকার আবদুল গফুরের মেয়ে। সে আবদুর রহমান ও সাবার চাচাতো বোন। গুরুতর আহত অবস্থায় তাকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন বলেন, নতুন রেললাইনে ট্রেন চলাচল দেখতে ওই তিন শিশু বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশের মহাসড়ক পার হয়ে ডুলাহাজারা রেলস্টেশনে যেতে হয়। তিন শিশু মহাসড়ক পার হতে গেলে একটি বাস তাদের চাপা দেয়। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে।
আহত নুসরাতের বাবা আবদুল গফুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কয়েকদিন ধরে বাচ্চারা ট্রেন দেখতে যেতে চাইছে। আমরা বরাবরই না করেছি। আজ সবার অজান্তে ট্রেন দেখতে যেতে চেয়ে দুজন মরে গেল। আর আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’ তিনি দাবি করেন, চালক ঘুমের ঘোরে বাস চালিয়েছেন।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম বলেন, দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথে ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল করছে। নতুন এই ট্রেন নিয়ে এলাকাবাসীর উৎসাহের শেষ নেই। মাইজপাড়ার তিন শিশু ভোরের ট্রেন দেখতে যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের নিচে পড়ে। এতে দুজন নিহত ও একজন আহত হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, শিশুদের চাপা দিয়ে বাসটি দ্রুতগতিতে সটকে পড়ে। তবে আশপাশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে বাসটি শ্যামলী পরিবহনের বলে শনাক্ত করা গেছে। নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অপর শিশু চিকিৎসাধীন।