মা হাসপাতালে, নবজাতককে নেওয়া হলো ছোটমণি নিবাসে
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যাসন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। তবে তিনি নিজের নাম–ঠিকানা বলতে পারেন না।
উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় ওই নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক সোমবার বেলা তিনটার দিকে ওই নবজাতককে ছোটমণি নিবাসে পাঠানো হয়।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে বাঘা উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজ মাঠের আমগাছের নিচে ওই নারীকে প্রসব–যন্ত্রণায় কাতরাতে দেখেন এক গৃহবধূ।
এরপর স্থানীয় লোকজন তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ওই নারী একটি কন্যাসন্তান প্রসব করেন।
প্রসূতি ও নবজাতক সুস্থ আছেন জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামান প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিজের নাম–ঠিকানা বলতে পারেন না।
বাঘা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাফিজ শরীফ সোমবার রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, তারা ওই নবজাতককে ছোটমণি নিবাসে পাঠানোর জন্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক বরাবর একটি চিঠি দিয়ে তাকে ছোটমণি নিবাসে পাঠানো হয়। তারা তার নাম রেখেছে খাদিজা খাতুন।