গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢোকে অস্ত্রধারীরা, পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে চলে লুট
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রাতে হঠাৎ ১০ থেকে ১২ সদস্যের একটি মুখোশধারী দল দরজায় লাগানো তালা ভেঙে ঘরে ঢোকে। তাদের সবার কাছে দেশি অস্ত্র ছিল। এরপর এসব অস্ত্র দেখি পরিবারের সদস্যদের জিম্মি করে তারা। এরপর সবার হাত ও মুখ বেঁধে ঘরে থাকা ১১ ভরি সোনা, মুঠোফোন ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
যে ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে, সেটি খোরশেদুল আলম নামের এক ব্যক্তির। তিনি ওমানপ্রবাসী ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, গতকাল তাঁর পরিবারের সাত সদস্যের সবাই বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ডাকাতেরা তাঁর ঘরে ঢুকে স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। তিনি বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। তাঁদের ঘরে স্বর্ণ, মুঠোফোন ছাড়াও আড়াই লাখ টাকা ছিল। একটি পিকআপ ভ্যান বিক্রির পর এ টাকা তাঁরা পেয়েছিলেন। সবকিছুই ডাকাতেরা লুট করে নিয়ে গেছে। ডাকাতির পর খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান প্রথম আলোকে বলেন, রাতে ভুক্তভোগী পরিবারের কেউ থানায় খবর দেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা তাঁরা নিচ্ছেন।