চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার নীলগাইটি এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার নীলগাইটি আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনুষ্ঠানিক হস্তান্তর করেছে বিজিবি
ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে উদ্ধার হওয়া নীলগাইটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন নীলগাইটি গাজীপুর বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারীর কাছে হস্তান্তর করেন।

আজ দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলগাইটি আনুষ্ঠানিক হস্তান্তরের সময় বিজিবি পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মন্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের মধ্যস্থতায় বিজিবির কাছ থেকে নীলগাইটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ গ্রহণ করে।

বিজিবি জানায়, গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দাইপুকুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির টহল দল। স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ও এলোপাতাড়ি ছোটাছুটি করে নীলগাইটি আহত হয়। পরে প্রাণীটি উদ্ধারের পর বিজিবির তত্ত্বাবধানে তাদের নিজস্ব ভেটেরিনারি চিকিৎসকের অধীনে দুই মাস আট দিন চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় প্রাণীটি সুস্থ হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি সাড়া দেননি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এর আগে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলা সদরের কান্তিভিটা গ্রামে মুমূর্ষু অবস্থায় বিজিবি সদস্যরা একটি নীলগাই উদ্ধার করেন। উদ্ধারের পর সেটিকে চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ করা হয়। এ ছাড়া গত ৬ জানুয়ারি দিনাজপুর ব্যাটালিয়নের বৈরচুনা বিওপির টহল দলের সদস্যরা আরও একটি নীলগাই উদ্ধার করেন। পরে নীলগাই দুটি ঢাকার পিলখানার অভয়ারণ্যে রাখা হয়।