শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আরেক আসামির মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান ওরফে লাকি (৪৫) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জাভিদ রায়হান কলারোয়া পৌরসভার তুলসীডাঙা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। তিনি কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং কলারোয়ার পৌর ছাত্রদলেরও সাবেক সভাপতি।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি জাভিদ রায়হানের চার বছর সশ্রম কারাদণ্ড হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই রায় দেন। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। গত এক বছরে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দুবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৪ আগস্ট তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
২৪ আগস্ট কারাগারে দ্বিতীয়বার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মণ্ডল বলেন, জাভিদ রায়হান আগে একবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। ২৪ আগস্ট তিনি কারাগারে আবারও হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া তিনি নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল রাত একটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ মামলার আরেক সাজাপ্রাপ্ত আসামি কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মাহফুজুর রহমান ওরফে সাবু (৫৮) কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত বছরের ১৪ জুন কারাগারে অসুস্থ হওয়ার পর তাঁকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।