সাভারে বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের বিরুলিয়ার ড্রেসআপ লিমিটেড পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে
ছবি: প্রথম আলো

সাভারের বিরুলিয়ায় সম্প্রতি বন্ধ ঘোষণা করা ড্রেসআপ লিমিটেড নামের পোশাক কারখানাটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওই কারখানার শ্রমিকেরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ড্রেসআপ লিমিটেডের শ্রমিকেরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হন। অবিলম্বে ছাঁটাই প্রত্যাহার করে বন্ধ কারখানাটি খুলে দেওয়ার দাবিতে সেখানে প্রথমে তাঁরা মানববন্ধন করেন। পরে তাঁরা সেখান থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাকিজা এলাকায় গিয়ে আবারও ঘুরে আরিচামুখী লেন হয়ে সাভার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

গত শনিবার নোটিশের মাধ্যমে কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানার শ্রমিক মো. লিটন বলেন, ‘বেশ কিছুদিন ধরে কারখানাটি বন্ধ করে দেবে এমন কথা শুনছিলাম। তিন-চার দিন আগে কারখানার প্রায় ৩০ শ্রমিককে ছাঁটাই করতে চাইলে আমরা এর প্রতিবাদ করি। আমরা তাঁদের বলেছিলাম, সবার বেতন দিয়া আমাদের না করে দিতে। কিন্তু তাঁরা শোনেন নাই। এরপর সবাই উত্তেজিত হলে শনিবার অনেকের বেতন দেয় প্রশাসন। রোববার কারখানায় এসে দেখি তালা। অনেকেই বেতন পায় নাই, তাই আমরা কারখানা খুলে দিতে আন্দোলন শুরু করছি।’

আমরা শ্রমিকদের বলেছিলাম, এ মাসের ২০ তারিখে বেতন দেব। কিন্তু তাঁরা এটি না শুনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ১০ সেপ্টেম্বর সবার বেতন পরিশোধ করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর স্বার্থান্বেষী ব্যক্তিদের প্ররোচনায় তাঁরা আন্দোলন শুরু করেছেন।
মো. মুরাদ হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন), ড্রেসআপ লিমিটেড

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, কারখানাটিতে আগে প্রায় দুই হাজার শ্রমিক ছিলেন। ছাঁটাই করতে করতে এখন আছে ২১০ জনের মতো। সবাইকে বেতন না দিয়ে অন্যায়ভাবে কারখানাটি বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তিনি বলেন, অবিলম্বে কারখানাটি খুলে না দেওয়া হলে আগামী রোববার সকালে রাজধানীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে বেতন পাওয়ার পরও শ্রমিকেরা উদ্দেশ্যমূলকভাবে আন্দোলন করছেন বলে দাবি করেছে তারা। এ ছাড়া বর্তমানে কারখানাটিতে ৯০ জন শ্রমিক কাজ করেন বলে দাবি কর্তৃপক্ষের।

ড্রেসআপ লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘করোনার কারণে এমনিতেই ক্রেতাদের কোনো অর্ডার নেই। শ্রমিকদের অনেকেই বিভিন্ন সময় বেতন নিয়ে চাকরি ছেড়ে দিয়েছেন। আমরা শ্রমিকদের বলেছিলাম, এ মাসের ২০ তারিখে বেতন দেব। কিন্তু তাঁরা এটি না শুনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ১০ সেপ্টেম্বর সবার বেতন পরিশোধ করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর স্বার্থান্বেষী ব্যক্তিদের প্ররোচনায় তাঁরা আন্দোলন শুরু করেছেন।’