দুই নেতার মারামারির জেরে বগুড়া স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দুই সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নতুন এ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আগের কমিটির সদস্য রাকিবুল ইসলামকে। এ ছাড়া সদস্যসচিব করা হয়েছে জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি আবু হাসানকে।
আগের কমিটি বিলুপ্ত করার কারণ হিসেবে কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। তবে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিলুপ্ত কমিটির আহ্বায়ক মাজেদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সরকার মুকুলের মধ্যে হাতাহাতির জেরে সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় শহর যুবদলের সদস্য মেফতা আল রশিদ ওরফে মিল্টনকে ছুরিকাঘাত করা হয়। জেলা বিএনপির নেতাদের সামনেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য পরস্পরকে দুষছিলেন এ দুই নেতা।
মাজেদুর রহমান বগুড়া শহর জামায়াতের সাবেক সেক্রেটারি। দলবদল করে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হন। তিনি ডজনখানেক নাশকতা মামলার আসামি। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সরকার মুকুলের বিরুদ্ধেও থানায় কয়েকটি মামলা আছে। ২০১৯ সালের ৯ আগস্ট তাঁরা আহ্বায়ক কমিটির পদ পেয়েছিলেন।
কমিটি থেকে বাদ পড়ার বিষয়ে মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়ের প্রয়োজনেই আমাকে জামায়াত থেকে স্বেচ্ছাসেবক দলে এনে আহ্বায়কের পদ দিয়েছিলেন। আমার রাজনৈতিক ভবিষ্যৎও তাঁর হাতেই ছেড়ে দিতে চাই।’ সরকার মুকুলের সঙ্গে বিরোধের বিষয়ে তিনি বলেন, তাঁর সঙ্গে নানা বিষয়ে মতের অমিল আছে। এ কারণে তিন মাসের আহ্বায়ক কমিটি তিন বছরের বেশি সময় পার করেছে।