চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ২৮টি বাল্কহেড জব্দ, ৬২ শ্রমিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌ-পুলিশ বাল্কহেড ও ড্রেজার জব্দ করেছে । আটক করা হয় ৬২ জনকে
ছবি: প্রথম আলো

মুন্সিগঞ্জে ট্রলার ডুবির ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এ সময় বালুবোঝাই ২৮টি বাল্কহেড, ৩টি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ এবং ড্রেজারচালক, শ্রমিক, কর্মচারীসহ ৬২ জনকে আটক করা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ পুলিশের পাঁচটি ইউনিট এই অভিযান পরিচালনা করে। এই অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

চাঁদপুর নৌ পুলিশ সুপার আরও বলেন, তাঁরা কয়েক দিন ধরে অভিযোগ পাচ্ছিলেন, চাঁদপুর-শরীয়তপুর ও হিজলা সীমান্তে অবৈধভাবে পদ্মা-মেঘনা নদীতে বালু উত্তোলন করছে একটি চক্র। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা রাতের অন্ধকারে বাল্কহেড নিয়ে চলাচল করায়  প্রায় দুর্ঘটনা ঘটছে। গতকাল  মুন্সিগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের জন্য ভাড়া করা একটি ট্রলার ডুবে কয়েকজন মারা যান। এ জন্য নৌ পুলিশ অভিযান আরও বাড়িয়ে দিয়েছে। নৌ পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়। বর্তমানে বালুবোঝাই ২৮টি বাল্কহেড, ৩টি ড্রেজার ও আটক ৬২ ব্যক্তি মেঘনা নদীর আলুর বাজার এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

নৌ পুলিশ সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে লৌহজং উপজেলার রসকাঠি এলাকার তালতলা-গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ওই ট্রলার ডুবে যায়। এ ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন মোকছেদা বেগম (৪০), হ্যাপি আক্তার (২৮), পপি আক্তার (৩০), পপির দুই ছেলে সাকিবুল (১০), সজিবুল (৪), হুমায়রা (৫ মাস), ফারিয়ান (৮) ও রাকিবুল (১২)। তাঁদের সবার বাড়ি সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নে।