রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি সেলসিয়াস
রাজশাহীতে টানা ১৬ দিন ধরে দাবদাহে জনজীবন অতিষ্ঠ। তাপমাত্রাও ক্রমাগত বাড়ছিল। গত সোমবার দীর্ঘ ৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়। তার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪২ ডিগ্রি বা তার বেশি তাপ অনুভূত হয়েছে। গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি।
এক দিনের ব্যবধানে আজ শুক্রবার রাজশাহীর তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আজ বেলা তিনটায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি। দিনব্যাপী জেলার আকাশে ছিল মেঘের আনাগোনা ছিল। এ কারণে তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নেমে আসে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। গত ১৬ দিনের তাপমাত্রা পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রায় প্রতিদিনই তাপমাত্রা বেড়েছে রাজশাহীতে। রাজশাহীতে গত শুক্রবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি, শনিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি, রোববার ৪০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার ৪২ দশমিক ৬ ডিগ্রি, মঙ্গলবার ৪২ ডিগ্রি, বুধবার ৪২ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়। গতকাল বৃহস্পতিবারও তাপমাত্রা অপরিবর্তিত ছিল। তবে আজ তাপমাত্রা কমেছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক এস এম রেজওয়ানুল হক প্রথম আলোকে বলেন, চার দিন ধরে রাজশাহীর তাপমাত্রা ৪২ ডিগ্রি বা তার বেশি হয়েছে। তবে আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। এ কারণে তাপমাত্রা কমেছে। বিভিন্ন বিভাগে বৃষ্টিও হচ্ছে। তবে আগামী দুই দিন রাজশাহীতে তাপমাত্রা কমলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।